
কক্সবাজার-মহেশখালী নৌপথে চালু হচ্ছে ফেরি সেবা। ১৮ জুলাই সরকারের উচ্চপর্যায়ের একটি দল ফেরি চালুর সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। নৌপথে ফেরি চালু হলে পর্যটকসহ মহেশখালী উপজেলার মানুষ নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুল নাসের জানান, প্রতিনিধিদল ফেরিঘাট স্থাপনের জন্য শহরের বাঁকখালী নদীর কস্তুরাঘাট, নুনিয়াছটা, ৬ নম্বর ঘাট, খুরুশকুল, চৌফলদণ্ডী, মহেশখালীর গোরকঘাটাসহ আটটি স্থান পরিদর্শন করেছে। এর মধ্য থেকে উপযুক্ত স্থান নির্বাচন করে প্রকল্পের কাজে হাত দেওয়া হবে।
মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া জানান, কক্সবাজার-মহেশখালী নৌপথে বিপুলসংখ্যক যাত্রী স্পিডবোট ও কাঠের ইঞ্জিন নৌকা নিয়ে পারাপার করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌপথে যাত্রী পারাপার করলেও ঝুঁকির কারণে রাতের নৌচলাচল বন্ধ রাখা হয়। তা ছাড়া প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈরী পরিবেশেও যাত্রী পারাপার বন্ধ থাকে। ফেরি সার্ভিস চালু হলে পর্যটকসহ কক্সবাজার ও মহেশখালীর কয়ের লাখ মানুষের নিরাপদ পারাপার নিশ্চিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উপলক্ষে ১৮ জুলাই সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে টেকনিক্যাল কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুর-উর রহমান, সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব মানিন্দ্র কিশোর মজুমদার, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফজল মীর, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম সিদ্দিকী, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া প্রমুখ।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুর-উর রহমান জানান, এখানকার মানুষের দাবি ও স্থানীয় জনপ্রতিনিধির প্রচেষ্টায় সরকার কক্সবাজার-মহেশখালী নৌপথে ফেরিঘাট চালুর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থান নির্ধারণ হলে ফেরিঘাট স্থাপনের কাজ শুরু হবে।