তিন বছর আগে নির্মাণকাজ শেষে হয়েছে লোহাগাড়া ট্রমা সেন্টারের। কিন্তু বিদ্যুৎ-সংযোগসহ আনুষঙ্গিক কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে। ফলে এটি উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে জটিলতা দেখা দিয়েছে। এ কারণে কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ট্রমা সেন্টারটির কোনো সুফল পাচ্ছে না দুর্ঘটনাসহ নানা কারণে আহত লোকজন। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ও হাসপাতাল কর্তৃপক্ষ একে অপরের ওপর দায় চাপাচ্ছে। লোহাগাড়া উপজেলা হাসপাতাল ও গণপূর্ত বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আশপাশের এলাকায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনাসহ নানা ঘটনায় অনেক লোক হতাহত হয়। আহত লোকজনের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে মহাসড়কের মধ্যবর্তী স্থান লোহাগাড়ায় ট্রমা সেন্টারটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে ২০০৫-০৬ অর্থবছরে দরপত্র আহ্বান করা হলেও কার্যাদেশ দেওয়া হয় ২০০৭ সালে। কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক কনস্ট্রাকশন লিমিটেড। ২০০৮ সালের শেষের দিকে নির্মাণকাজ শেষ করে তারা। সূত্র জানায়, ২০০৮ সালের শেষ দিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী বর্তমানে যেকোনো হাসপাতালে খরচ করা মোট বিদ্যুতের শতকরা সাত ভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। আর এ জন্য স্থাপন করতে হবে সোলার প্যানেল। লোহাগাড়া ট্রমা সেন্টারে এ খাতে খরচ হবে অতিরিক্ত ১০ থেকে ১২ লাখ টাকা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সোলার প্যানেল ছাড়াই ট্রমা সেন্টারটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে গেলে দেখা দেয় বিপত্তি। প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল বশর বলেন, ‘নির্মাণ শেষে ট্রমা সেন্টারটি উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু তাঁরা আমাদের কথা শুনছেন না।’ তিনি দাবি করেন, ২০০৫-০৬ সালে দরপত্র আহ্বানের সময় ট্রমা সেন্টারে বিদ্যুৎ-সংযোগের জন্য সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত ছিল না। তাই এ ব্যাপারে তাঁদের কোনো দায়িত্ব নেই।এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘ট্রমা সেন্টারের ভবন নির্মাণ শেষ হলেও এখানে বিদ্যুৎ-সংযোগ নেই, পানির ব্যবস্থা নেই, অস্ত্রোপচার কক্ষ এবং পেছনের মাটি ভরাটকাজও অসম্পূর্ণ। অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থাও করা হয়নি। আমি কীভাবে বিদ্যুৎ-পানি ছাড়া ভবনটি বুঝে নেব?’ জানা যায়, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছে গণপূর্ত বিভাগ। লোহাগাড়া পল্লী বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো. তারেক বলেন, ‘মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মোট বিদ্যুতের সাত ভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ সৌরবিদ্যুতের প্যানেল বসালে আমরা ওইদিনই বিদ্যুৎ-সংযোগ দিয়ে দেব।’ এ ব্যাপারে গণপূর্ত বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আবুল মোমেন চৌধুরী জানান, ‘বিদ্যুৎ-সংযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সোলার প্যানেল বসানোসহ আনুষঙ্গিক কিছু সমস্যার কারণে বিষয়টি সমাধানে দেরি হচ্ছে।’ উল্লেখ্য, তিন তলাবিশিষ্ট ট্রমা সেন্টারটির ২০টি শয্যা রয়েছে। এর মধ্যে বিশেষ (ভিআইপি) কেবিন দুটি, সাধারণ শয্যা ১৬টি।