চালু হলো না নতুন চার বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় চারটি বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা গত বছরের ডিসেম্বর মাসে। কার্যাদেশের মেয়াদ শেষ হলেও বিদ্যালয়গুলোর ভবন নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। অথচ এ বছরের জানুয়ারি থেকে এসব বিদ্যালয়ে পাঠদান শুরুর করার কথা ছিল।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানায়, সরকার ২০১১ সালে সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামে দেড় হাজার বিদ্যালয় স্থাপন করার জন্য উদ্যোগ নেয়। এই প্রকল্পের আওতায় মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনা, কুতুবজোম ইউনিয়নের ঘোনারপাড়া, পৌর এলাকার শিকদারপাড়া, ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা ও বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া গ্রামে পাঁচটি বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এ জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দুই কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়। এগুলোর মধ্যে ডেইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ ২০১২ সালে শুরু হয়ে ২০১৪ সালের অক্টোবরে শেষ হয়। ২০১৫ সালের জানুয়ারি মাসে ওই বিদ্যালয়ের পাঠদানের কার্যক্রমও চালু হয়। তবে বাকি চারটি গ্রামে বিদ্যালয় ভবন নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।
এলজিইডির কর্মকর্তারা জানান, প্রতিটি বিদ্যালয় ভবন নির্মাণের জন্য প্রায় ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ভবন নির্মাণের জন্য যথাযথ প্রক্রিয়ায় দরপত্রও আহ্বান করা হয়। কার্যাদেশ অনুযায়ী কুতুবজোমের ঘোনারপাড়া গ্রামে অ্যাডভোকেট মওদুদ আহমদ বিদ্যালয়, বড় মহেশখালীর মাহারাপাড়া গ্রামে আমিনা মওদুদ বিদ্যালয়, ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলা গ্রামে ইউসুফ নুর প্রাথমিক বিদ্যালয় ও গোরকঘাটার সিকদারপাড়া গ্রামে সিকদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। পরে কার্যাদেশের মেয়াদ বাড়িয়ে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু এ বছরের জানুয়ারি মাসেও বিদ্যালয়গুলোর ভবন নির্মাণের কাজ শেষ হয়নি।
৭ জানুয়ারি সরেজমিন দেখা যায়, সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। একতলা বিশিষ্ট এ ভবনের ছাদ নির্মাণ করা হলেও চারপাশের দেয়াল তৈরির কাজ শেষ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে ধীর গতির কারণেই এমনটা হয়েছে। ঠিকাদারের লোকজন একদিন কাজ করে বেশ কয়েক দিন কাজ বন্ধ রাখেন। তার ওপর গত এক মাস ধরে ভবনের নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে বছরের শুরুতে বিদ্যালয়টি চালু করা যায়নি। একই অবস্থা দেখা গেছে দক্ষিণ নলবিলা গ্রামেও। এখানে ইউসুফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পিলার তৈরি হলেও ছাদ তৈরি হয়নি।
জানতে চাইলে সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ফরিদুল আলম বলেন, জায়গা নিয়ে জটিলতার কারণে ভবন নির্মাণকাজ শুরু করতে অনেকটা বিলম্ব হয়েছে। এখন ভবনের কাজ ৮০ শতাংশ শেষ। কিন্তু তহবিলে টান পড়ায় নির্মাণকাজ যথা সময়ে শেষ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, গত বছরে ডিসেম্বর ওই চার প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজ শেষ করার কথা িছল। কিন্তু অর্থ সংকটের কারণে কাজ শেষ করা যায়নি।
মহেশখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, গত বছরের ডিসেম্বরে চারটি গ্রামে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় চলতি বছর এসব বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা যায়নি। দ্রুত বিদ্যালয়গুলোর ভবন নির্মাণ শেষ করার জন্য তাগাদা দেওয়া হচ্ছে শিক্ষা বিভাগের পক্ষ থেকে।