চালু হয়নি এক্স-রে যন্ত্র রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত জুন মাসে এক্স-রে যন্ত্র বরাদ্দ পায় পাটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু দুই মাস পার হতে চললেও এটি এখনো চালু করা যায়নি। এ কারণে রোগীদের অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে এক্স-রে করাতে হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, স্থায়ীভাবে রেডিওগ্রাফার না থাকা ও নতুন বরাদ্দ পাওয়া এক্স-রে যন্ত্রে ত্রুটি থাকায় এটি চালু করা যাচ্ছে না। এ ছাড়া রয়েছে অবকাঠামোগত সমস্যা। এক্স-রে যন্ত্র রাখার কক্ষটি দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
হাসপাতাল সূত্র জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের পুরোনো (১০০ এমএম) এক্স-রে যন্ত্রটি দেড় বছর ধরে নষ্ট হয়ে পড়ে ছিল। এরপর মন্ত্রণালয় থেকে ১১ জুন আরেকটি নতুন এক্স-রে যন্ত্র (৩০০ এমএম) বরাদ্দ দেওয়া হয়।
এদিকে ২০১৩ সালের জুন মাস থেকে রেড়িওগ্রাফারের পদটিও শূন্য রয়েছে। গত ৩ মার্চ থেকে ৪০ কিলোমিটার দূরত্বের লোহাগাড়া স্বাস্থ্যকেন্দ্রের রেডিওগ্রাফার গাজী নাছির উদ্দিনকে একসঙ্গে পটিয়া ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। শনি ও রোববার সপ্তাহে দুদিন পটিয়ায় দায়িত্ব পালন করার কথা রয়েছে। কিন্তু এখনো এক্স-রে যন্ত্রই চালু করা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, এখানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নেয়। তাই এক্স-রে যন্ত্রটি চালুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করা হয়েছে।