প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই জানে, তেল মাখাতে ফেলতে হবে কড়ি
তাও কিছু ফ্রি পাচ্ছি—যেমন গরুর সাথে দড়ি!
ফ্রি পাওয়া যায় এটা সেটা নানান সামগ্রীতে
বউয়ের সাথে কেউ পেয়ে যায় মিষ্টি শালি ফ্রিতে!
মিষ্টি কিনুন প্যাকেট পাবেন, দইয়ের সাথে হাঁড়ি
বাক্স, মোড়ক পাবেন কিনুন দ্রব্যাদি দরকারি!
একটা জামায় অনেক সময় আরেকটা ফ্রি-জামা
না কিনলে কি ফ্রি-জামাটা মাগনা দেবে, মামা?
ঈদের নাটক পাবেন ফ্রিতে বিজ্ঞাপনের সাথে
ভোরের নাটক এই কারণেই শেষ হবে মাঝরাতে!
স্বাধীনতার সঙ্গে পেলাম মুফতে রাজাকারও
চাই না এমন অনেক জিনিস পাচ্ছি ফ্রিতে আরও!
শিঙাড়া খান সঙ্গে পাবেন সস্ বা পেঁয়াজকুচি
চাল কিনেছি, রোহিঙ্গাদের ফ্রি দিয়েছেন সু চি!