চাষযোগ্য জমি বেড়েছে তিন গুণ
লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে টংকাবতী খালের ওপর নির্মিত রাবার ড্যাম এ অঞ্চলে কৃষির চিত্র পাল্টে দিয়েছে। এলাকায় চাষযোগ্য জমির পরিমাণ বেড়ে গেছে প্রায় তিন গুণ। বেড়েছে বোরো ও রবিশস্যের জন্য সেচ সুবিধাও। এ ছাড়া একরপ্রতি সেচ খরচ কমে যাওয়ায় উপকৃত হচ্ছেন কৃষকেরা। এ সাফল্য দেখে পদুয়া, আমিরাবাদ ও চুনতি এলাকার কৃষকেরা মনে করছেন তাঁদের এলাকায় রাবার ড্যাম হলে লোহাগাড়ায় খাদ্য উৎপাদন অনেক বেড়ে যাবে।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসানুল হক চৌধুরী জানান, লোহাগাড়ায় বছরে ৫০ হাজার মেট্রিক টন চালের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদিত হয় ৪০ হাজার মেট্রিক টন। আরও তিনটি রাবার ড্যাম নির্মিত হলে এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাবে। এ ছাড়া আউশ মৌসুমে বাড়বে দুই হাজার হেক্টর জমির চাষাবাদ। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, বোরো মৌসুমে পানিস্বল্পতার কারণে চাষ কম হয়। প্রস্তাবিত রাবার ড্যামগুলো নির্মিত হলে খাদ্যঘাটতি হ্রাসের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক ব্যাপক পরিবর্তন আসবে।চরম্বা রাবার ড্যাম প্রকল্পে গঠিত সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম জানান, রাবার ড্যাম নির্মাণ হওয়ার আগে এলাকার মানুষ খেয়ে না খেয়ে কষ্টে দিন যাপন করতেন। বর্তমানে সেচ-সুবিধা পাওয়ায় সারা বছর চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকেন কৃষকেরা। পাশাপাশি রাবার ড্যাম প্রকল্পের সংরক্ষিত পানিতে মাছচাষ করেও লাভবান হচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী এস এম রাশেদুর রহমান জানান, রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়নের ফলে রবিশস্য মৌসুম ও বোরো চাষাবাদে সেচ সুবিধা পাচ্ছেন চাষিরা। ফলে এলাকার কৃষকেরা বিপুল উৎসাহে চাষে আগ্রহী হচ্ছেন। অন্য রাবার ড্যাম স্থাপনের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাবার ড্যাম নির্মাণের ফলে একদিকে ভূগর্ভস্থ পানির চাপ কমছে, অন্যদিকে ক্ষতিকর খনিজ লবণ, আয়রনের বিরূপ প্রভাব থেকে উৎপাদিত ফসল রক্ষা পাচ্ছে। এ ছাড়া স্লুইসগেট নির্মাণে যে খরচ হয় রাবার ড্যাম নির্মাণে খরচ হয় তার মাত্র অর্ধেক। জানা যায়, চরম্বা রাবার ড্যাম সেচব্যবস্থা পরিচালনার জন্য উপকারভোগী ৫৬৫ সদস্য নিয়ে দুই স্তরের একটি সমবায় সমিতি গঠন করা হয়েছে। এ কমিটির মূল দায়িত্ব হচ্ছে পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, রাবার ড্যাম রক্ষণাবেক্ষণ চার্জ আদায়, মৎস্যচাষ এবং বাঁধের সার্বিক তদারকি করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ বলেন, লোহাগাড়ায় আরও তিনটি রাবার ড্যাম স্থাপিত হলে খাদ্যঘাটতি বহুলাংশে হ্রাস পাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্পগুলো অচিরেই বাস্তবায়ন করা হবে।