খাগড়াছড়ির কমলছড়ি এলাকার চাষি বঙ্গ চাকমা গত কয়েক মৌসুমে তামাকের চাষ করেছিলেন। তামাকে লাভ ভালো হলেও খাটুনি বেশি। তাই এবার তামাক বাদ দিয়ে পাঁচ একর জমিতে ভুট্টার চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। আর পাওয়া গেছে বিপণনের নিশ্চয়তা। ফলে কম পরিশ্রমে বেশি লাভের আশা করছেন তিনি। বঙ্গ চাকমার মতো খাগড়াছড়িতে ৪২ জন চাষি এখন বাণিজ্যিক ভিত্তিতে ভুট্টার চাষ করছেন।চাষিরা জানান, পাহাড়ে ভুট্টার চাষ হয়ে আসছে অনেক আগে থেকে। জুমচাষেও ভুট্টার আবাদ হয়। তবে সেই ভুট্টার আবাদ শুধু চাষিদের চাহিদা পূরণের জন্য। বাণিজ্যিক ভিত্তিতে ভুট্টার চাষ কখনো করা হয়নি। এর কারণ, বাজারজাত করার সুযোগ ছিল সীমিত। সাধারণভাবে ভুট্টা কচি থাকা অবস্থায় সাধারণ মানুষের কাছে বিক্রির সুযোগ থাকে। ভুট্টা যদি একটু শক্ত হয়, তখন আর বিক্রির সুযোগ থাকে না। ভুট্টা খুব কম সময়ই কচি অবস্থায় খাবার উপযোগী থাকে। তাই বাজারজাতকরণের ঝুঁকি থাকায় কেউই বাণিজ্যিক ভিত্তিতে ভুট্টার চাষ করার কথা ভাবেনি। অথচ পাহাড়ের ঢালুতে ও সমতলে ভুট্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান খাগড়াছড়ি জেলায় ভুট্টা চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে। এ প্রতিষ্ঠানটি কৃষকদের এ নিশ্চয়তা দেয় যে, পরিপক্ব ও শুকনো ভুট্টা তারা বাজারমূল্যে কিনে নেবে। কৃষকেরা এ নিশ্চয়তা পাওয়ার পর বাণিজ্যিকভিত্তিতে ভুট্টা চাষ করা শুরু করেছেন এবং প্রথম বছরেই তাঁরা সাফল্যের আশা করছেন।এ বছর খাগড়াছড়ি সদরের কমলছড়ি গ্রামের জীবক চাকমা ৫০ শতক জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে ভুট্টার চাষ করেছেন। কিছু ভুট্টা তিনি ইতিমধ্যে মাঠ থেকে তুলে শুকিয়েছেন। তিনি জানান, শুকানোর পর প্রতিটি ভুট্টার (মোচা বাদে) ওজন কমপক্ষে ২০০-২৫০ গ্রাম হয়। ৫০ শতক জায়গায় তিনি চার কেজি ভুট্টার বীজ রোপণ করেছেন। প্রতিটি বীজ থেকে একটি গাছ এবং একটি গাছে একটি ভুট্টার ফলন হয়। প্রতিটি ভুট্টার ওজন যদি ২০০ গ্রাম ধরে নেওয়া হয় এবং গাছ কমপক্ষে ১০ হাজার ধরা হয়, তাহলে তিনি ভুট্টা পাচ্ছেন দুই হাজার কেজি বা ৫০ মণ। ওই জায়গায় ধান রোপণ করলে তিনি সর্বোচ্চ পেতেন ৩০ মণ। বর্তমানে ভুট্টার বাজারদর প্রতিমণ ৮০০ টাকা। অপর দিকে ধানের দর প্রতিমণে ৬৫০-৭০০ টাকা। জীবক চাকমা বলেন, ‘বাজারজাতকরণে সুবিধা অব্যাহত থাকলে আগামী বছর আরও অধিক পরিমাণে ভুট্টার চাষ করব। ভুট্টা চাষে ধানের চেয়ে কম পরিশ্রম লাগে। উৎপাদন খরচও কম।’ ভুট্টা কেনার নিশ্চয়তা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করেছে চেরন পোকফান্ড বাংলাদেশ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘শুকনো ভুট্টার আর্দ্রতা ১৪ শতাংশ হলেই আমরা যেকোনো ভুট্টা কিনব। এ বছর পরীক্ষামূলকভাবে ১১ জন কৃষককে ভুট্টার বীজ ও সার দিয়ে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, এমন কৃষকদের আমরা ভুট্টা চাষের কিছু কৌশল শিখিয়ে দিয়ে সহায়তা করেছি। আমাদের হিসাবে খাগড়াছড়ি জেলার চারটি উপজেলায় ৪২ জন কৃষক প্রায় ৩৫ একর ভুট্টার চাষ করেছেন। এই পরিমাণ জায়গা থেকে আমরা ১২৬ টন ভুট্টা সংগ্রহ করার আশা করছি।’খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ভাবতোষ সরকার বলেন, ‘তামাকের বদলে ভুট্টা চাষ করার জন্য আমরাও কৃষকদের উদ্বুদ্ধ করছি। প্রয়োজনে কৃষকদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে।’