চাষির মুখে হাসি ফোটাল ভুট্টা
কক্সবাজারের টেকনাফে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি স্থানীয় চাষিরা। গত বছরের তুলনায় এবার উপজেলায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ বেশি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে সিদ্ধ ভুট্টার কদর বেড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা গত কয়েক মৌসুমে জমিতে তামাক চাষ করেছিলেন। তামাক চাষ লাভজনক হলেও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এবার তামাক বাদ দিয়ে অনেক চাষি জমিতে ভুট্টার চাষ করেছেন। ভালো বিক্রি হওয়ায় উৎপাদন খরচ উঠে আসার পাশাপাশি লাভের মুখও দেখছেন তাঁরা। উপজেলার প্রায় তিন শতাধিক চাষি এবার ভুট্টার চাষ করছেন।কৃষি বিভাগ জানায়, চলতি বছর উপজেলায় প্রায় চার হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু চাষাবাদ হয়েছে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে। এর মধ্যে হোয়াইক্যং ইউনিয়নে এক হাজার ৬০০, নিলা ইউনিয়নে এক হাজার ৪০০, টেকনাফ সদর ইউনিয়নে ৮০০ এবং বাহারছড়া ইউনিয়নে এক হাজার ৩০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। অন্য দুই ইউনিয়ন সাবরাং ও সেন্টমার্টিন দ্বীপেও প্রায় ৮০০ হেক্টর জমিতে ভুট্টার আবদ করছেন চাষিরা।চাষিরা জানান, টিলা ও পাহাড়ে ভুট্টার চাষ হয়ে আসছে অনেক আগে থেকে। তবে এতদিন ভুট্টার চাষ হতো কেবল চাষিদের চাহিদা পূরণের জন্য। বাজারজাত করার সুযোগ ছিল না বলে এর আগে বাণিজ্যিক ভিত্তিতে ভুট্টার চাষ হয়নি। স্থানীয় বাসিন্দাদের কাছে সিদ্ধ ভুট্টা জনপ্রিয় হয়ে ওঠায় এ বছর বাণিজ্যিকভাবে ভুট্টাচাষে আগ্রহ দেখাচ্ছেন কৃষকেরা। দক্ষিণ চট্টগ্রামের হাটবাজারেও সিদ্ধ ভুট্টা বিক্রি হচ্ছে। টেকনাফ থেকে গাড়ি বোঝাই করে ভুট্টা কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। চাষিরা জানান, কম সেচ ও অল্প খরচে ভুট্টা চাষ করা যায় এবং ফলনও ভালো হয়। ধান, গম ও মিষ্টি আলুর চেয়ে ভুট্টা চাষ লাভজনক। এ কারণেও ভুট্টা চাষ বাড়ছে।জানা গেছে, স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরিপক্ব ও শুকনা ভুট্টা বাজারজাতকরণে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ নিশ্চয়তা পেয়ে কৃষকেরা ভুট্টা চাষে উদ্বুদ্ধ হয়েছেন।টেকনাফ সদর ইউনিয়নের লাম্বরিপাড়ার বাসিন্দা আমিনা খাতুন সফল কৃষক হিসেবে একাধিকবার পদক জিতেছেন। তিনিও এবার ভুট্টা চাষ করেছেন। আমিনা জানান, এক একর জমিতে ভুট্টা চাষ করতে প্রায় এক হাজার টাকা খরচ হয়। কিন্তু ভুট্টা পাওয়া যায় প্রায় ৩০ থেকে ৩৫ মণ। ফসল বিক্রি করে ৪০ হাজার টাকার বেশি লাভের আশা করছেন তিনি।উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালীয়াপাড়ার চাষি মো. হোসেন জানান, আগে জমিতে তামাক ছাড়া অন্য কোনো ফসল চাষ করতেন না। এবার সাড়ে ১০ একর জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। চাষিরা জানান, ভুট্টার সবুজ পাতা গরুর খাদ্য এবং খড় জ্বালানির কাজে ব্যবহার করা হয়। এ ছাড়াও দেশের পোলট্রি, মৎস্য ও শিশুখাদ্যের প্রধান উপকরণ ভুট্টা। এ কারণে ভুট্টার চাহিদাও বাড়ছে। পুষ্টিগুণ ভালো হওয়ায় বর্তমানে বেকারিশিল্পেও ভুট্টা ব্যবহার হচ্ছে।চলতি মৌসুমে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামের রায় মং চাকমা ১৫ শতক জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ভুট্টার চাষ করে বেশ লাভের আশা করছেন। বর্তমানে ভুট্টার বাজারদর প্রতি মণ ৮০০ টাকা। অপর দিকে ধান প্রতি মণ ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তামাকের বদলে ভুট্টা চাষ করার জন্য আমরাও কৃষকদের উদ্বুদ্ধ করছি। প্রয়োজনে কৃষকদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে।’কৃষি বিভাগ সূত্রে আরও জানায়, দেশে বর্তমানে প্রতিবছর ভুট্টার চাহিদা রয়েছে ১৪ লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয় এক লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে সাত লাখ টন। অবশিষ্ট সাত লাখ টন ভুট্টা আমদানি করতে হয় বিদেশ থেকে। এবার পুরো উপজেলায় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এ বছর ভুট্টার উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে তাঁরা মনে করছেন।