চাষের জমি দখল করেছে বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগ তাঁদের বন্দোবস্ত ও দখলীয় ভূমি জবরদখল করে নরম কাঠের বাগান সৃজন করছে। এ কারণে ইতিমধ্যে দুটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্য গ্রামগুলোর অধিবাসীরাও রয়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে। এসব অভিযোগ করেছেন রাঙামাটির রাজস্থলী উপজেলার কুক্যাছড়ি ও ধনুছড়ি মৌজার অধিবাসীরা।তাঁরা ভূমিহীন প্রতিটি পরিবারকে পাঁচ একর করে জুম চাষের ভূমি বন্দোবস্ত দেওয়া, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ অনুযায়ী ৩০ শতক করে বসতভিটার জমি দেওয়া, প্রতিপাড়ার জন্য ৫০ শতক শ্মশানভূমি এবং পাড়ার জনগণের জন্য ব্যবহারিক প্রয়োজনে গ্রামীণ বন সৃষ্টির জন্য কমপক্ষে ২৫ একর করে যৌথ মালিকানার ভূমি দেওয়ার দাবি জানান। এ দুটি মৌজায় খুবই স্বল্প জনসংখ্যার খিয়াং ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর লোকজন এবং কাপ্তাই বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত কিছু বাঙালি ও মারমা সম্প্রদায়ের লোক বসবাস করেন।তাঁরা অভিযোগ করেন, বন বিভাগ কর্ণফুলী কাগজকলের (কেপিএম) জন্য কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে ১৯৯৩ সালে স্থানীয় জনসাধারণের কোনো মতামত ছাড়া এবং ভূমি অধিগ্রহণ আইনের কোনো প্রয়োগ ছাড়া ধনুছড়ি মৌজার তিন হাজার ৯৫৯ একর ৯৮ শতক জায়গার মধ্যে তিন হাজার ৮৮৯ একর জায়গা সংরক্ষিত বন হিসেবে উল্লেখ করে। ওই জায়গা জবরদখল করা হয়। এর মধ্যে ১৪০ একর স্থানীয় মৌজাবাসীর বন্দোবস্ত ভূমিও রয়েছে। এ ছাড়া কুক্যাছড়ি মৌজায় মোট ভূমির পরিমাণ ৬৬৬ একর। কিন্তু বন বিভাগ ওই মৌজায় ভূমি অধিগ্রহণ প্রজ্ঞাপনে ৭১৫ একর ভূমি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করেছে। রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে অভিযোগের পক্ষে বন বিভাগের নথিপত্রও উপস্থাপন করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।২৫ মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কুক্যাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাইথুই খিয়াং, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য চিং চা মং খিয়াং, কুক্যাছড়ি মৌজার হেডম্যান মিশু মারমা, ধনুছড়ি মৌজার হ্লা থোয়াই খিয়াংসহ স্থানীয় বিভিন্ন গ্রামের প্রধান (কার্বারি) ও পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা।তাঁরা জানান, ২০০২ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন পরিবেশ ও বনমন্ত্রীর সভাপতিত্বে ‘মণ্ড উপযোগী নরম কাঠের বাগান সৃজন প্রকল্প’ শীর্ষক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে ধনুছড়ি ও কুক্যাছড়ি মৌজাবাসীর আপত্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।পরবর্তীকালে ওই কমিটি ২০০৩ সালের ২৬ জুন দুই মৌজার ২২০ ভূমিহীন পরিবারকে পাঁচ একর করে জুম চাষের ভূমি বন্দোবস্তের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করে। কিন্তু এ সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। বর্তমানে জুম চাষনির্ভর দুই মৌজার লোকজন চরম আর্থিক দুরবস্থায় রয়েছেন বলে অভিযোগে জানানো হয়।