চাষের জমি নয় সড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদায় থিক থিক করছে চারদিক। দেখলে মনে হবে চাষের জমি। সড়কের কোনো চিহ্নই নেই। তারপরও এটি সড়ক। নিত্য দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে লোকজনকে। রাঙ্গুনিয়ার মরিয়মনগর ডিসি সড়ক এমনই বেহাল যে গাড়ি চলে হেলেদুলে। কাদায় আটকে যাওয়ায় প্রায় সময় গাড়ি ঠেলে নিয়ে যেতে হয়। অবশ্য এর খেসারত হিসেবে পকেট কাটা যাচ্ছে যাত্রীদের। ভাড়া গুনতে হচ্ছে তিন-চার গুণ বেশি।স্বনির্ভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম জানান, ১৬ কিলোমিটার দীর্ঘ মরিয়মনগর ডিসি সড়ক দিয়ে ইসলামপুর, উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, লালানগর, হোছনাবাদ ও স্বনির্ভর ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। কিন্তু সড়কটির শান্তিনিকেতন বাজার থেকে কুলকুরমাই সেতু পর্যন্ত দেড় কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। কাদায় একাকার। যানবাহনগুলো ভাড়া নেয় তিন গুণ বেশি। তা-ও গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় চালকদের। সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সড়কটি মেরামতের জন্য চার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গত ২০১০ সালের মার্চে পাঁচ ভাগে ১২ কিলোমিটার অংশের সংস্কারকাজ শুরু হয়। আর সংস্কারকাজ শেষ হওয়ার আগেই স্বনির্ভর ইউনিয়নের শান্তিনিকেতন বাজার থেকে কুলকুরমাই সেতুর গোড়া পর্যন্ত দেড় কিলোমিটার অংশের কার্পেটিং উঠে ইট সুরকি পর্যন্ত নেই। যানবাহন চালকেরা জানান, কাদায় গাড়ি চালাতে হিমশিম খেতে হয়। চাকা পিছলে পাশের জমিতে পড়ে যায় গাড়ি। প্রতিদিন ওই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। এ প্রসঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের কার্যসহকারী সামশুজ্জামান বলেন, ১৯৮৪ সালে সড়কটি পাকা করা হলেও রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ ছিল না। তা ছাড়া ওই সময় কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় অল্প সময়ে সড়কজুড়ে গর্তের সৃষ্টি হয়। তবে ২০১০ সালে ১২ কিলোমিটার অংশ সংস্কারের বরাদ্দ পেলেও কাজে ধীর গতির কারণে কিছু স্থান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি বলেন, চলতি জুন মাসের মধ্যে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করার কথা। কিন্তু বর্ষার অজুহাত দেখিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ বন্ধ রেখেছে। সড়কটির সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও ঠিকাদার কর্ণপাত করছেন না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এ প্রসঙ্গে সওজ বিভাগের চট্টগ্রাম জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, মরিয়মনগর ডিসি সড়ক রাঙ্গুনিয়ার উপজেলার ছয় ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের চলাচলের একমাত্র সড়ক। ফলে সড়কটি দ্রুত সংস্কারের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক বদিউল আলম তালুকদার বলেন, ‘কাজে কোনো গাফিলতি নেই। বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না। বৃষ্টি পুরোপুরি থামলে কাজ শুরু করা হবে।’