চাহিদা ৪৩ জনের, আছেন নয়জন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে প্রয়োজন ৪৩ জন শিক্ষক, সেখানে আছেন মাত্র নয়জন। তার মধ্যে আবার তিনজন প্রেষণে নিযুক্ত। এই নয়জন শিক্ষককে দুই পালায় বিরতিহীনভাবে ক্লাস নিতে হয় ১০টি করে। এভাবে ক্লাস নিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী এক হাজার ১৩৫ জন। ক্লাস হয় সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত দুই পালায়। সুষ্ঠুভাবে পাঠদান, পরীক্ষা গ্রহণ ও আনুষঙ্গিক কাজ যথাসময়ে শেষ করার জন্য অন্তত ৫০ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু এখানে শিক্ষক আছেন সাকুল্যে নয়জন। এ ছাড়া, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, সন্দ্বীপের মোমেনা-সেকান্দর বালিকা উচ্চবিদ্যালয় এবং কাপ্তাইয়ের নারানগিরি উচ্চবিদ্যালয় থেকে একজন করে শিক্ষক প্রেষণে এনে কাজ চালানো হচ্ছে।মুসলিম উচ্চবিদ্যালয় থেকে প্রেষণে আসা শিক্ষক মো. ওসমান গণি বলেন, ‘দুই পালায় ব্যবসায় শিক্ষা বিষয়ে সব ক্লাস আমাকে নিতে হয়। এতে আমার ওপর বেশ চাপ পড়ছে। আমার বিভাগে আরও দুজন শিক্ষক প্রয়োজন।’ বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমীন আকতার বলেন, ‘সারা দিন ১০টা করে ক্লাস নিতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি। সারা দিনে মাত্র আধাঘণ্টা বিরতিতে খাওয়া ছাড়া বিশ্রামের কোনো সুযোগ নেই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ বলেন, ‘শিক্ষক-সংকট চরম আকার ধারণ করেছে এ বিদ্যালয়ে। ৪৩ জন শিক্ষক নিয়োগের প্রস্তাব গত বছরের অক্টোবরে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু এখনো সাড়া পাইনি। বর্তমানে নয়জন শিক্ষক নিয়ে ক্লাস করতে আমাদের বেশ সমস্যা হচ্ছে।’ তিনি জানান, কোনো শিক্ষক প্রশিক্ষণ বা ছুটিতে গেলে তাঁর ক্লাসটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা করেন।