চাহিদার এক-চতুর্থাংশ পানিও পাচ্ছে না গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু আগেই পানিসংকট দেখা দিয়েছে খাগড়াছড়িতে। বর্তমানে পৌরসভায় পানির চাহিদা আট লাখ গ্যালন। সপ্তাহের পাঁচ দিন পানি উৎপাদিত হচ্ছে দুই লাখ গ্যালন। বাকি দুই দিন শনি ও সোমবার সঞ্চালন লাইন সংস্কারের জন্য আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মাত্র ৫০ হাজার গ্যালন পানি উৎপাদন হচ্ছে। এর ফলে চাহিদার এক–চতুর্থাংশ পানিও পাচ্ছেন না পৌরসভার গ্রাহকেরা।

পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ এলাকায় সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন পানি সরবরাহ করা হয়। ওই দুই-তিন দিন যতটুকু পানি দেওয়া হয় তা দিয়ে এক দিনের প্রয়োজনও মেটে না।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খাগড়াছড়ি পৌর এলাকায় ৩৫০টি অগভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সরকারি-বেসরকারি কার্যালয় ও সাধারণ গ্রাহকদের পানি সরবরাহ করা হয়। এ ছাড়া শহরের কোর্ট এলাকা, চেঙ্গি স্কয়ার, শাপলা চত্বর ও পানবাজার এলাকায় মোট চারটি স্ট্রিট হাইড্রেন্ট স্থাপন করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জন্য খাওয়ার পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, পৌরসভার ৫৬০টি পরিবার ও ১৫০টি সরকারি-বেসরকারি কার্যালয়, হোটেল ও মোটেলকে পালাক্রমে পানি সরবরাহ করা হচ্ছে। সব মিলিয়ে পানির চাহিদা দৈনিক আট লাখ গ্যালন। তবে বর্তমানে বিদ্যুতের কম ভোল্টেজের কারণে সপ্তাহের পাঁচ দিন দুই লাখ গ্যালনের মতো পানি উৎপাদিত হচ্ছে। সপ্তাহের শনি ও সোমবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই দুই দিন উৎপাদন হচ্ছে ৫০ হাজার গ্যালন। নলকূপগুলো বেশির ভাগ সময় চালানো সম্ভব হয় না। ফলে যে পরিমাণ পানি সরবরাহ করা হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শহরের শাল বাগান, ইসলামপুর, কুমিল্লা টিলা, হরিনাথপাড়া, নারিকেল বাগান, সবুজবাগসহ কয়েকটি স্থানে গভীর নলকূপ থেকে পানি নেওয়ার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নারীরা।

 হরিনাথপাড়া এলাকার রহিমা বেগম ও ছালেহা বেগম বলেন, পানি সরবরাহ লাইনে দৈনন্দিন ব্যবহারের অর্ধেক পানিও পাওয়া যায় না। এ জন্য সকাল থেকে পানির জন্য এখানে-ওখানে দৌড়াতে হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে ‘খাগড়াছড়ি জেলার গুরুত্বপূর্ণ বাজারসহ পার্শ্ববর্তী জনবসতিতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন’ নামের প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহরের স্বনির্ভর বাজার, মধুপুর বাজার, বটতলী বাজার এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। খাগড়াছড়ি পৌর এলাকায় পানির সমস্যা সমাধানের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছে এবং নতুন কয়েকটা প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। এসব প্রকল্প চালু হলে পানির সমস্যা কেটে যাবে।