চাহিদার চেয়ে উৎপাদন বেশি তবু লবণ আমদানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিবছর চাহিদার চেয়ে বেশি লবণ উৎপাদিত হলেও বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। গত বছর দেশে লবণের চাহিদা ছিল ১৫ লাখ ১০ হাজার মেট্রিক টনের মতো। লবণের মাঠগুলোয় উৎপাদন হয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৯০০ মেট্রিক টন। এর পরও সরকার তিন লাখ মেট্রিক টন লবণ আমদানি করেছে। এতে দেশে উৎপাদিত লবণের দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন লবণচাষিরা।
বাংলাদেশ লবণ শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, কক্সবাজার সদর ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ আছে ৬৪ হাজার ১৫১ একর। এসব এলাকায় সারা বছর লবণ উৎপাদিত হয়। তবে দেশের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান লবণ আমদানি করায় এখানকার চাষিরা লবণের দাম পাচ্ছেন না। গত বছর দেশের চাহিদা মিটিয়ে লবণ উদ্বৃত্ত ছিল চার লাখ ২৩ হাজার ৯০০ মেট্রিক টন। এ ছাড়া মাঠে ছিল পাঁচ লাখ ৬০ হাজার মেট্রিক টন। এসব লবণ বিক্রি না হওয়ায় গর্ত খুঁড়ে পলিথিন দিয়ে রেখেছেন কৃষকেরা। সে হিসাবে মজুত ও উদ্বৃত্ত লবণের পরিমাণ নয় লাখ ৮৩ হাজার ৯০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, মাঠে বিপুল পরিমাণ লবণ মজুত থাকার পরও প্রভাবশালী ব্যবসায়ী মহলের চাপে লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ কারণে চাষিরা উৎপাদিত লবণ বিক্রি করতে পারছেন না। অবিক্রীত প্রচুর লবণ এখনো পড়ে রয়েছে মাঠে।
বিসিকের কক্সবাজারের গবেষণা কর্মকর্তা এ টি এম ওয়ালী উল্লাহ বলেন, এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ লাখ ৯৬ হাজার মেট্রিক টন। চাষ শুরু হওয়ার প্রথম দুই মাসে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।
বাংলাদেশ লবণ চাষি সমিতির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, সরকারকে ভুল তথ্য দিয়ে লবণ আমদানি করা হচ্ছে। এ কারণে ক্ষুদ্র চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত বছরের চাষের খরচ এখনো চাষিরা তুলতে পারেননি।
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার রাশেদ মাহমুদ বলেন, বর্তমানে চাষিরা প্রতিমণ (পলিথিন পদ্ধতির) সাদা লবণ ১৩০ থেকে ১৪০ টাকা দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ লবণ উৎপাদনে তাঁদের খরচ হচ্ছে মণপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকা।
চকরিয়া উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জাফর আলম বলেন, লবণচাষিদের ক্ষতির মুখে ঠেলে দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি করা উচিত নয়। চাষিদের লবণ আমদানি বন্ধের দাবি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।