সরকারি ব্যবস্থাপনায় আগামী আগস্ট মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাবেন বাংলাদেশি নারী কর্মীরা। ইতিমধ্যে আগ্রহী নারী কর্মীদের নিবন্ধনের কাজ শেষ হয়েছে। তবে নিবন্ধিত নারী কর্মীর সংখ্যা চাহিদার তুলনায় অত্যন্ত কম বলে জানা গেছে।চট্টগ্রাম জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ৫২৬ জন নারী বিদেশে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। আর চট্টগ্রাম বিভাগে নিবন্ধনকারী নারী কর্মীর সংখ্যা এক হাজার ৬৭০ জন। চট্টগ্রাম জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার নিবন্ধনের কাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই করা হবে। চট্টগ্রামে নিবন্ধনকারীর সংখ্যা চাহিদার তুলনায় অত্যন্ত কম। বাছাই শেষে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে। সব প্রস্তুতি শেষে আগামী আগস্টে নারীকর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে বলে আশা করছি।’উল্লেখ্য, ১২ এপ্রিল থেকে চট্টগ্রাম জেলার ১৯৫টি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র, ৪১টি ওয়ার্ড তথ্যসেবাকেন্দ্র ও জেলা জনশক্তি কার্যালয়ে নারীকর্মীদের নিবন্ধন শুরু হয়। নিবন্ধনকারী কর্মীদের মধ্য থেকে বাছাই করা নারীকর্মীদের হংকং, সিঙ্গাপুর, মরিশাস, জর্ডান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো হবে। এসব দেশে গৃহকর্মী, চিকিৎসা সহকারী, পোশাক কারখানার শ্রমিক, কৃষিকর্মী, অভ্যর্থনাকারী, ফল আহরণকারী ও বিক্রয়কর্মী পদে লোক নিয়োগ করা হবে। উল্লেখ্য, এ বছর মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থাপনায় কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালনার পর এবার নারীকর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। মালয়েশিয়ায় কর্মী নিয়োগ-প্রক্রিয়ায় সফলতার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।