নীলাম্বরীকে দেখার আশায় রোজ বিকেলে চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ায়। বেলা গড়িয়ে আঁধার নামে। চারপাশের সবকিছু অস্পষ্ট হয়ে যায়। নীলাম্বরীর দেখা মেলে না। পুরো এক সপ্তাহ পর অপেক্ষার অবসান হয়। সেই একই ব্যক্তির সঙ্গে রিকশায় নীলাম্বরী। কী অদ্ভুত! আজ যে শাড়ি পরেছে, সেটিও নীলাভ। কপালের টিপটার রং গাঢ় নীল। মেয়েটিকে নীলাম্বরী ছাড়া অন্য নামে ডাকলে কী ভুলই না হতো! ব্যাপারটা কাকতালীয় হতে পারে, তবে সপ্তাহের ওই একটি দিনই নীলাম্বরীকে দেখা যায়, অন্য কোনো দিন নয়। তারপরও নীলাম্বরীর দৃষ্টি আকর্ষণের জন্য উঠেপড়ে লাগে রাহাত। নীল টি-শার্টের সঙ্গে মিলিয়ে নীলচে জিনস প্যান্ট পরে। কেডস জোড়ায়ও নীলের ছোঁয়া। নীলাম্বরীর জন্য পারলে মাথার চুলগুলোও সে নীল করে ফেলে!
মায়ের চোখের ছানি অস্ত্রোপচারের জন্য রাহাত হাসপাতালে। দুপুর অবধি দৌড়ের ওপর ছিল। হাসপাতালটা ঘুরে দেখা হয়নি। করিডর পেরোতেই চমকে ওঠে। অপারেশন থিয়েটারের বাইরে রিকশার সেই লোকটি জড়সড় হয়ে বসে আছেন। দ্রুত এগিয়ে রাহাত জিজ্ঞেস করে, কী হয়েছে? লোকটির কণ্ঠে অসহায়ত্ব, ‘আমার একটাই মেয়ে। ওর চোখে জটিল একটা অপারেশন চলছে। ডাক্তার জানিয়েছেন, সফল না হলে অন্ধ হয়েই জীবন কাটাতে হবে।’ রাহাতের শরীর অবশ হয়ে আসে। না জেনে নীলাম্বরীর কষ্টের নীল রঙে সে কেবল ভালোবাসা খুঁজেছে। রাহাতকে হতভম্ব করে তিনি বলেন, ‘তুমি আমার মেয়েকে পছন্দ করো, তোমার বন্ধুরা বলেছে। ওকে অনুকরণ করে তোমাকে নীল রঙের কাপড় পরতে দেখেছি। কিন্তু আমার মেয়েই চায়নি ওকে নিয়ে কেউ বিব্রত হোক, করুণা করুক।’ রাহাত শার্টের হাতায় চোখ মুছে অশ্রু আড়ালের চেষ্টা করে। আশ্চর্য! চোখের বর্ণহীন অশ্রুও কেমন নীলচে দেখাচ্ছে। তাতে কষ্ট আর ভালোবাসার অনুপাত সে নির্ণয় করতে পারেনি, নীলাম্বরী পারবে কি?