চায়ের আড্ডা থেকেই মঙ্গলপুরের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ কোটচাঁদপুরের মঙ্গলপুর গ্রাম। একসময় এখানে জনবসতি ছিল, এখন মানুষশূন্য গ্রাম। ছবি: প্রথম আলো
ঝিনাইদহ কোটচাঁদপুরের মঙ্গলপুর গ্রাম। একসময় এখানে জনবসতি ছিল, এখন মানুষশূন্য গ্রাম। ছবি: প্রথম আলো

আনিচ ভাইকে মিথ্যা অভিযোগে পুলিশ হয়রানি করছে। খবর পেয়ে ছুটে যাই। প্রথম আলো পাশে দাঁড়ানোয় সেবার হয়রানি থেকে রেহাই পান তিনি। সেই থেকে তাঁর সঙ্গে পরিচয়।
গত ৮ সেপ্টেম্বর সকালে একটা খবরের খোঁজে ঝিনাইদহ শহর থেকে বের হই। যাব মহেশপুর। পথে বৃষ্টি নামে। থামার লক্ষণ নেই। ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। ফিরতি পথে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডে আসতেই ঝুমবৃষ্টি নামল। অগত্যা দাঁড়িয়ে গেলাম আনিচ ভাইয়ের মুরগির দোকানের সামনে। তিনি জোর করে নিয়ে গেলেন পাশের চায়ের দোকানে।
চা খেতে খেতে গল্প জমে ওঠে। এক ফাঁকে চা দোকানি জিজ্ঞেস করেন, ‘ভাই, কী করেন?’ মুখের কথা কেড়ে নিয়ে আনিচ ভাই বলেন, ‘কেন? জানিস না ভাই প্রথম আলোর সাংবাদিক? সে-ই তো আমারে বিপদ থেকে বাঁচিয়েছিলেন।’ এই কথা শুনে চা-বিক্রেতা বললেন, কোটচাঁদপুরে একটি লুকানো খবর আছে। অনেকে জানে না। চোখ চকচক করে ওঠে আমার। চা দোকানি বলে চলেন, ‘আমাদের উপজেলায় (কোটচাঁদপুর) একটি গ্রাম আছে। ওই গ্রামে কোনো মানুষ নাই।’ তবে তিনিও গ্রামটির নাম বলতে পারেননি। শুধু বললেন, গ্রামটি কালীগঞ্জ উপজেলার একেবারে সীমান্তে। আজও সেখানে জনবসতির চিহ্ন আছে।
চা-বিক্রেতার খবরে মনটা ছটফট করে ওঠে। কখন পৌঁছাতে পারব লুকিয়ে থাকা সেই গ্রামে। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল সাতটায় বাসা থেকে বের হই। কোটচাঁদপুর শহরে পৌঁছে চৌগাছা সড়ক ধরে পাশপাতিলা বাজার। সেখানে গিয়ে লোকজনের কাছে জানতে চাই, গ্রাম আছে মানুষ নেই, এমন গ্রাম কোনটি? বয়োবৃদ্ধরা বলতে পারলেন, গ্রামটির নাম ‘মঙ্গলপুর’। বাজারের পাশেই।
সেখানে গিয়ে দেখা গেল, গ্রামটি এখন শুধু মাঠ। পুরোনো ভিটাগুলোতে চাষাবাদ চলছে। স্থানীয় কয়েকজন জানালেন, ৬০-৬৫ বছর আগে মহামারি আকারে কলেরা দেখা দেয়। মানুষজন গ্রাম ছেড়ে চলে যায়। সর্বশেষ এক বৃদ্ধা পড়ে ছিলেন গ্রামটিতে। তিনি খুন হওয়ার পর গ্রামটি মানুষশূন্য হয়ে পড়ে। আরও সঠিক তথ্য পেতে ছুটে যাই স্থানীয় ইউনিয়ন ভূমি কার্যালয়ে। সেখান থেকে ইউনিয়ন পরিষদে। কথা হয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিদুল ইসলাম ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খানের সঙ্গে। তাঁরা কাগজ-কলমে গ্রাম পেয়েছেন, কিন্তু কোনো মানুষ পাননি। তাঁরাও বয়োবৃদ্ধদের কাছ থেকে শোনা ওই ইতিহাস শোনান।
এভাবে সব তথ্য নিয়ে সেদিনই বেলা দুইটার দিকে ফিরে আসি। এসেই খবর লিখতে বসে যাই। আমার কম্পিউটারের পর্দায় একটু একটু করে ফুটে উঠতে থাকে একটি অজপাড়াগাঁয়ের অজানা কাহিনি। তার এক দিন পরেই প্রথম আলোতে ছাপা হয়, ‘অমঙ্গল আতঙ্ক, মানুষশূন্য মঙ্গলপুর’। চারদিক থেকে অসংখ্য ফোন আসতে লাগল। কোটচাঁদপুরেরই বহু লোক ফোন করে বিস্ময় প্রকাশ করলেন। কৌতূহল মেটাতে বিস্মৃতির আড়ালে চলে যাওয়া গ্রামটি দেখতে গেলেন অনেকে। সবার মনে একটাই প্রশ্ন, তাঁদের এলাকার এমন একটা ইতিহাস এত দিন অজানা ছিল কী করে!
আজাদ রহমান: নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ