চায়ের কাপে মৌনতার জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইমপ্যাক্ট জার্নালিজম ডে
ইমপ্যাক্ট জার্নালিজম ডে
যে উদ্যোগ বদলে দিতে পারে পৃথিবী
আজ ইমপ্যাক্ট জার্নালিজম ডে। বিশ্বের সামনের সারির ৫৫টি সংবাদপত্র একযোগে পরিবর্তনের কারিগরদের কথা বলছে এই দিনে। এবারও এই উদ্যোগের সঙ্গে আছে প্রথম আলো। পৃথিবী বদলে দিতে পারে এমন অনন্য কিছু উদ্যোগের গল্প নিয়ে আমাদের এই আয়োজন। সারা বিশ্ব থেকে বেছে নেওয়া নানামুখী উদ্যোগের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি উদ্যোগও। আপনি এবং বিশ্বের ১২ কোটি পাঠক একযোগে জানতে পারছেন এই সব অনন্য উদ্যোগের গল্প।

সিঙ্গাপুরের এই ‘বারে’ ধুমধাড়াক্কা গান নেই, নেই অ্যালকোহলের বোতলের ছিপি খোলার শব্দ। তার বদলে আপনি নিরালায় বসে চা পান করবেন, যে চা পরিবশেন করবে শ্রবণ প্রতিবন্ধী মানুষেরা।

হাশ চা-বারের প্রতিষ্ঠাতা আনথিয়া ওঙ্গের (সর্ব বাঁয়ে) সঙ্গে পাঁচ শ্রবণপ্রতিবন্ধী চা পরিবেশনকারী। ছবি: নিও জিয়াওবিন
হাশ চা-বারের প্রতিষ্ঠাতা আনথিয়া ওঙ্গের (সর্ব বাঁয়ে) সঙ্গে পাঁচ শ্রবণপ্রতিবন্ধী চা পরিবেশনকারী। ছবি: নিও জিয়াওবিন

নগরের ব্যস্ত মানুষকে ধীর-স্থির হয়ে বসে নীরবতায় অবগাহন করার সুযোগ করে দিতেই ২০১৪ সালে হাশ টিবার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে শ্রবণ প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
৪৭ বছর বয়সী আনথিয়া ওঙ্গ একটি পরামর্শক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ২০১৩ সালে করপোরেট চাকরি ছেড়ে দেন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না, কিন্তু আমি খুশি যে আমরা সেটা করতে পেরেছি! এই বার আমাকে মনে করিয়ে দেয়, আমি কে। বিশেষ করে, আমার আশপাশের মানুষেরা যেখানে ছিলেন আগ্রাসী উদ্যোক্তা ও ক্লান্ত-শ্রান্ত।’
চা বারের স্থায়ী জায়গা নেই, এটা অস্থায়ী। কিন্তু সেটা আবার ব্যাংকের মতো করপোরেট কার্যালয়ে অভিজ্ঞতা বয়ে নিয়ে যায়। মিসেস ওঙ্গ বলেন, ‘নীরবতা মনে করিয়ে দেয়, আপনি কে? নিজের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেয়। কিন্তু আমরা এই কাজটা খুব একটা করি না।’
এখন পর্যন্ত এই চা বারে ১ হাজার মানুষ সেবা নিয়েছে, এটা লাভজনকও বটে। এই নারীর সঙ্গে ২৫ জন শ্রবণ প্রতিবন্ধী প্রকল্পের ভিত্তিতে কাজ করেন। তিনি বলেন, ‘তাদের টিরিস্টাস (চা পরিবেশনকারী) বলে অভিহিত করা হয়।’
বারের সেবা সম্পর্কে তিনি বলেন, ‘অফিস সময়েই এটা শুরু হয়, কিন্তু আমি তাদের জানাতে চাই, যেকোনো সময়েই তারা এটা করতে পারে, এমনকি সেটা যদি দুই মিনিটের জন্যও হয়।’ প্রত্যেক ব্যক্তিকে অধিবেশন বাবদ ৪০ সিঙ্গাপুরি ডলার ব্যয় করতে হয়, যার স্থায়িত্ব হয় ৩০-৪৫ মিনিট, যেগুলো আবার চারটি ভাগে ভাগ করা হয়।
প্রথম ভাগে অংশগ্রহণকারীদের এই চা বারের লক্ষ্য সম্পর্কে অবহিত করা হয়। স্বত্বাধিকারী ওঙ্গ বলেন, এই হাশ টিবার শুধু ‘আধুনিক ব্যস্ত জীবন সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও নীরবতা উত্সাহিত করার লক্ষ্যে নির্মিত হয়নি’, একই সঙ্গে ‘বধিরদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে’ এটা নির্মিত হয়েছে।
এরপর অংশগ্রহণকারীদের ১২টি ভিন্ন স্বাদের চা থেকে মনের অবস্থা বুঝে একটি বেছে নিতে হয়, যে চা বানানো হয় ফুল, গুল্ম ও ফল থেকে। উদাহরণস্বরূপ বলা যায়, ল্যাভেন্ডার, রোজ হিপ ও লেবুর ফুল থেকে পজিটিভ ব্লেন্ডিংয়ের মাধ্যমে চা বানানো হয়।
বিষয়টি ব্যাখ্যা করার জন্য মিসেস ওঙ্গ বলেন, ‘চায়ের সঙ্গে শান্তির সম্পর্ক রয়েছে। অংশগ্রহণকারীরা চা বেছে নিতে গিয়ে পরিবেশনকারীদের সঙ্গে ভাববিনিময় করে।’ এরপর তিনি সরস ঢঙে বলেন, পরবর্তী কাজটা সবচেয়ে কঠিন, কারণ অংশগ্রহণকারীদের মোবাইল ফোন/ট্যাব জমা দিতে হয়। আমরা মুখিয়ে থাকি, তারা কখন এ কথাটা বলবে যে, ‘শেষ কবে সঙ্গে ফোন ছিল না, তা মনে করতে পারছি না।’
পরবর্তী ধাপে চা পরিবেশনকারীরা চা-বিষয়ক নানা আচার-অনুষ্ঠান পালন করে। সেটা করতে তারা যেমন সাংকেতিক ভাষা ব্যবহার করে, তেমনি ইশারা–ভাষা ও ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে। এরপর তাদের চা পরিবেশন করা হয় এবং ওই আচার অনুষ্ঠানগুলো নিজেদেরই পালন করতে হয়।
এরপর তারা মিসেস ওঙ্গের ভাষায় চা-শিল্পের মাধ্যমে নিজেদের চিন্তাভাবনা প্রকাশ করে। এটা অনেকটা ফিঙ্গার পেইন্টিংয়ের মতোই, যদিও এখানে রঙের বদলে অংশগ্রহণকারীরা চা ব্যবহার করে।