চায়ের নিলামবাজার নিয়ে টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চা-পাতার নিলামবাজার চট্টগ্রাম থাকবে, নাকি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সরিয়ে নেওয়া হবে—এ নিয়ে টানাটানি শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে বাজার সরিয়ে নেওয়া নিয়ে উদ্যোক্তারা বলছেন, চট্টগ্রামের বাজারও থাকবে, পাশাপাশি শ্রীমঙ্গলে নতুন একটি নিলামবাজার প্রতিষ্ঠা করা হবে।কিন্তু চট্টগ্রামের সুশীল সমাজের লোকজন এবং চা-শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা বলছেন, শ্রীমঙ্গলে নতুন বাজার হলে ধীরে ধীরে চট্টগ্রামের বাজার নিষ্ক্রিয় হয়ে পড়বে। কারণ, দেশের বেশির ভাগ চা-বাগানের অবস্থান শ্রীমঙ্গলের আশপাশের সিলেট ও মৌলভীবাজার জেলায়। সেখানে বাজার প্রতিষ্ঠা হলে ওইসব বাগানের মালিকেরা কষ্ট স্বীকার করে কোনো দিন বিক্রির জন্য চা-পাতা চট্টগ্রামে পাঠাবেন না। শ্রীমঙ্গলে দ্বিতীয় চায়ের নিলামবাজার প্রতিষ্ঠা মূলত চা বেচাকেনার স্থান চট্টগ্রাম থেকে সরানোর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বন্ধের জন্য চট্টলাবাসীর পক্ষ থেকে জোর দাবি উঠেছে।চা-পাতার ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সংগঠন বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএ) গত বৃহস্পতিবার চট্টগ্রাম কার্যালয়ে জরুরি বৈঠক করে চট্টগ্রামের নিলামবাজার স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। বিটিটিএর সভাপতি সালমান ইস্পাহানি এতে সভাপতিত্ব করেন। বৈঠকের সিদ্ধান্ত চিঠি দিয়ে বাংলাদেশ চা বোর্ডকে জানিয়ে দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র মতে, প্রশাসনের সিলেটপন্থী লোকজনের একটি অংশ অনেক আগে থেকেই চা-সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড চট্টগ্রাম থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাঁদের অভিমত, চা-বাগানের অবস্থান ও বাগানের মালিকদের বেশির ভাগই সিলেট কিংবা ঢাকার বাসিন্দা। এ কারণে চা বোর্ড, চায়ের নিলামবাজার, চা গবেষণাকেন্দ্র—সবকিছুই হয় সিলেটে, না হয় ঢাকায় থাকা উচিত। এই পন্থীদের ত ৎ পরতার কারণে নিলামবাজার চট্টগ্রাম থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।সূত্র জানায়, চা-পাতা উ ৎ পাদন ও বেচাকেনা সম্পূর্ণভাবে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। অথচ চা-বাগানের ইজারা, ঋণদান কার্যক্রমসহ যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয় সরকারি সংস্থা বাংলাদেশ চা বোর্ডের মাধ্যমে। চট্টগ্রাম থেকে বাজার সরানো কিংবা শ্রীমঙ্গলে নতুন বাজার স্থাপনের ব্যবস্থায়ও এই চা-বোর্ডকে ব্যবহার করা হচ্ছে।বোর্ড সূত্রমতে, নিলামবাজার স্থানান্তর অথবা শ্রীমঙ্গলে নতুন বাজার স্থাপনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এই কমিটির শ্রীমঙ্গল সফরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু কমিটিতে অন্তর্ভুক্ত বিটিটিএর দুই সদস্য ওই সফরে যাবেন না বলে জানিয়েছেন। তাঁরা হলেন: এইচআরসিটির নির্বাহী পরিচালক মো. ইদ্রিস এবং রুবি টি স্টোরের স্বত্বাধিকারী আবদুল হাই চৌধুরী। বিটিটিএ চট্টগ্রাম নিলামবাজার স্থানান্তরের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়ায় ওই দুই সদস্য শ্রীমঙ্গল যাচ্ছেন না বলে জানা যায়।মো. ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘আমরা নিলামবাজার চট্টগ্রাম থেকে সরিয়ে নেওয়ার বিপক্ষে। এ কারণে শ্রীমঙ্গল যাব না।’জানা গেছে, দেশ বিভাগের পর ১৯৪৯ সালের ১৬ জুলাই থেকে চট্টগ্রামে নিয়মিতভাবে চা নিলাম অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিকে প্রতি ১৫ দিনে নিলাম অনুষ্ঠিত হলেও পরে তা প্রতি সপ্তাহের মঙ্গলবার নির্ধারণ করা হয়। এই নিলামবাজারকে কেন্দ্র করে চট্টগ্রামে গড়ে ওঠে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অবকাঠামো। বিনিয়োগ হয়েছে হাজার হাজার কোটি টাকা।এর মধ্যে রয়েছে বহুজাতিক সংস্থা জেমস ফিনলে, লিভার ব্রাদার্স, ডানকান ব্রাদার্স, শ-ওয়ালেজ এবং দেশীয় প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, এইচআরসি গ্রুপ, মোস্তফা গ্রুপ, সানোয়ারা গ্রুপ ইত্যাদি। এদের মধ্যে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব বাগান নেই, তারা নিলামবাজার থেকে চা পাতা কিনে নিয়ে তা প্যাকেটজাত করে।অনেক প্রতিষ্ঠান বাগানের চা প্রক্রিয়াজাতকরণের সঙ্গেও জড়িত। চট্টগ্রাম থেকে নিলামবাজার সরিয়ে নেওয়া হলে এসব ব্যবসাপ্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ মুখ থুবড়ে পড়ার আশঙ্কা আছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।