
শীত কিংবা গরম আবহাওয়া সেখানে কোনো বিষয় নয়। চা পানের অভ্যাস অটুট থাকে ১২ মাসেই। রাস্তার মোড়ে, বাড়িতে, কর্মক্ষেত্রে সব জায়গায়ই এর জয়জয়কার। কারণে-অকারণে বাড়িতে চায়ের আড্ডাতে বসা হয় অহরহই। তবে গরমে কিছু বাড়তি আয়োজন চায়ের নিমন্ত্রণকে করে তুলবে জমজমাট। স্মরণীয় হয়ে থাকবে আড্ডার মুহূর্তগুলো।
গরমের দিনে বাড়িতে বন্ধুদের জন্য চায়ের আসর সাজাচ্ছেন। হঠাৎ করে একটু হাওয়া বইতে লাগল বাইরে। সুযোগটা কাজে লাগান। ছোট বারান্দাতেই চটপট সাজিয়ে ফেলুন চায়ের টেবিলটি। যদি সুযোগ থাকে ছাদেও এই ব্যবস্থা করতে পারেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন আবহাওয়ায় গরম ভাবটা যেন এ সময় কম থাকে। টেবিলে চায়ের পরিবেশনটাই আসল। নিজেও এ বিষয়টির প্রতি সব সময় খেয়াল রাখেন বলে জানান রান্নাবিদ রাহিমা সুলতানা। বিভিন্ন দেশ ঘুরে দেখেছেন চায়ের আসরে পরিবেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু চা পরিবেশনের মধ্য দিয়েই জয় করে নিতে পারবেন অতিথিদের মন।
আমাদের দেশে দুধ-চা-ই জনপ্রিয়। তবে গরমের সময় রং চা পরিবেশনে যোগ হবে অন্য মাত্রা। রাহিমা সুলতানা বলেন, তুলসী, পুদিনাপাতা দিয়ে হালকা রং চা শরীর ও মনকে সতেজ করে তুলবে। দুধ-চায়ের সঙ্গে গরম মসলা যোগ করতে পারেন। বিকেলে চায়ের সঙ্গে হালকা খাবার পরিবেশন করলে ভালো। চায়ের কাপটি আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটাবে। এ কারণে কাপ নির্বাচন করুন ভেবেচিন্তে। রং চা সব সময় স্বচ্ছ কাপে পরিবেশন করুন। অন্যদিকে দুধ মেশানো চা মাটি বা সিরামিেকর কাপে কিংবা এ ধরনের ভারী কাপে পরিবেশন করলে দেখতে ভালো লাগবে।
এখন যেহেতু গরম, তালিকায় আইসড টির কথাও ভাবতে পারেন। তবে যেন চায়ের কাপটি হাতলসহ হয়। চায়ের টেবিলের ওপর ক্রুশকাঁটার কাজ করা টেবিল ক্লথ যোগ করবে বাড়তি সৌন্দর্য। টেবিলের মাঝে ছোট ফুলদানিটা রাঙিয়ে তুলুন ফুলের রঙে।
ক্লে ইমেজের স্বত্বাধিকারী রেহানা আক্তার বলেন, টি-পটটি নির্বাচন করুন মানুষের সংখ্যার ওপর নির্ভর করে। বেশি অতিথি হলে বড় টি-পটে চা পরিবেশন করুন। দুধ-চা পরিবেশন করলে সেটা মিশিয়েই টি-পটে ঢালুন। চিনি আলাদাভাবে রাখুন। তবে বন্ধুদের চায়ের আড্ডায় টি-পট না রাখলেও সমস্যা নেই। প্রতিটি কাপের সঙ্গে আলাদা চামচ রাখবেন। এই চামচের আকার পিরিচ থেকে যেন বড় না হয়। শুধু চা নয়, খাবার পরিবেশনের পিরিচ, বাটিগুলোকেও সুন্দর ও পরিচ্ছন্ন হতে হবে। টিস্যু পেপার অথবা ন্যাপকিন রাখুন। চা গরম রাখার জন্য টি কোজি ব্যবহার করতে পারেন।