চিংড়িঘেরের পানিতে সৈকতে খাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈকতের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে চার ফুট গভীর ও ১২ থেকে ১৪ ফুট চওড়া খাল। সংলগ্ন ঝাউবন ও বালিয়াড়ি হয়ে সেটি মিশেছে সাগরে। বর্ষায় ঘেরের মাছ বাঁচাতে পানি ছেড়ে আনোয়ারার পারকি সৈকতে এমন খাল তৈরি করেছে আশপাশে গড়ে ওঠা কয়েকটি চিংড়িঘের।
পারকি সৈকতের বিরাট এলাকাজুড়ে খাল সৃষ্টি হওয়ায় পর্যটকদের জন্য ঝুঁকি বাড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঝাউবন। খালের পানির স্রোতে সরে যাচ্ছে ঝাউগাছের গোড়ার মাটি। স্থানীয় বাসিন্দারা ও সৈকত ব্যবস্থাপনা কমিটি ঘের থেকে পানি ছাড়া বন্ধে প্রশাসনের সহায়তা চাইলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ বলেন, ঘেরের পানি ছেড়ে সৈকতে খাল সৃষ্টি করার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, পারকি সৈকত–সংলগ্ন কয়েকটি চিংড়িঘের থেকে পানি ছেড়েছেন ঘেরের মালিকেরা। পানির কারণে ইতিমধ্যে সৈকতে সৃষ্টি হয়েছে খালের। একই কারণে ঝাউগাছের গোড়ার বালুও সরে যাচ্ছে। ফলে সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকদের।
সরেজমিন চোখে পড়ে, পানির স্রোতের কারণে ইতিমধ্যে সৈকতের ঝাউগাছের গোড়ার বালুও সরে যাচ্ছে। সৈকতে নামার পথে খালটি হওয়ায় ভোগান্তিতে পড়ছেন পর্যটকেরা।
পারকি সৈকতের ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘সৈকতের ওপর দিয়ে পানি না ছাড়ার জন্য আমরা কয়েকবার ঘেরের মালিককে অনুরোধ করলেও কাজ হচ্ছে না।’
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সৈকত পরিদর্শন করে বিষয়টির সত্যতা পেয়েছি, শিগগিরইই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে ঘেরের মালিক নুরুল হক বলেন, প্রতিবছরই বর্ষায় এভাবে পানি ছাড়া হয়। এটা নতুন কিছু নয়। একটি পক্ষ অপপ্রচারের পাশাপাশি অযৌক্তিক কথা বলছে।