চিংড়ি রপ্তানি করে বছরে পাঁচ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের হ্যাচারিতে উৎপাদিত প্রায় ৯০০ কোটি চিংড়ি পোনা দিয়ে সারা দেশে প্রায় তিন লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। আর এই চিংড়ি রপ্তানি করে বছরে অন্তত পাঁচ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।
শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাংসদ আশেক উল্লাহ রফিক এ কথা বলেন। তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কমিটির সাবেক সভাপতি মশিউর রহমান। শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনার মো. ইউনুছ চৌধুরী।
বক্তব্য দেন সেবের সাবেক মহাসচিব সাইফুল ইসলাম, নবনির্বাচিত কমিটির সহসভাপতি মাহফুজ ইকবাল, সাবেক সভাপতি নিজাম উদ্দিন সেলিম, সাবেক মহাসচিব রইচ উদ্দিন, সহসভাপতি এস এম শাহ আলম, মর্ডান হ্যাচারির ব্যবস্থাপক আবু সুফিয়ান চৌধুরী, বেলী হ্যাচারির ব্যবস্থাপক ওয়াহিদুজামান, প্লাটিনাম হ্যাচারির ব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমুখ।
সেবের মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, হ্যাচারিগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া ও পণ্য পরিবহন সহজ করতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করবে এই কমিটি। দেশের রপ্তানি খাতে দ্বিতীয় ধাপে থাকা চিংড়ি শিল্পকে বিকশিত করতে তিনি এই শিল্পের সঙ্গে জড়িত সবার সহযোগিতা কামনা করেন।