চিংড়ি হ্যাচারি দখলের চেষ্টা গ্রেপ্তার ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কলাতলী বড়ছড়া এলাকায় একযুগ আগে প্রতিষ্ঠিত ‘চিশতীয়া হ্যাচারি অ্যান্ড ফিশ ফার্মা লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান দখল করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ১৭ ভাড়াটে সন্ত্রাসী। ২৪ জানুয়ারি এই ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই দিন সকাল নয়টায় প্রায় ৪০ জনের একটি দল পিকনিকের কথা বলে হ্যাচারির ভেতর প্রবেশ করে এবং কৌশলে অবৈধ অস্ত্রের মুখে হ্যাচারির ব্যবস্থাপক জসিম উদ্দিন, কর্মচারী বেলাল আহমদ, আনোয়ার সাঈদসহ কয়েকজনকে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পাশের হিমছড়ি কটেজের ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফিরোজ আহমদ তাঁদের উদ্ধার করতে গেলে তাঁকেও আটকে রাখা হয়। এ সময় সন্ত্রাসীরা হ্যাচারির মালামাল ও কাগজপত্র লুট করে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যাচারি কর্মচারীদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেন।এঁরা হলেন চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার সোহেল, মিজান, আলমগীর, জসিম, হাসান, ফোরকান, ছানোয়ার, আশিক, আবু তাহের, পারভেজ, সালাহউদ্দিন, শফিক, ডাবলমুরিং এলাকার মোহাম্মদ আলী, কোতোয়ালির নাছির উদ্দিন, কক্সবাজার কলাতলীর রূপবান, রোজিনা ও রহিমা বেগম। হ্যাচারি মালিক আবুল হোছাইন জানান, চট্টগ্রাম থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে হ্যাচারিটি দখলের অপচেষ্টা চালানো হয়েছিল।এ ব্যাপারে তিনি বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১২ বছরের পুরোনো হ্যাচারিটি দখলের উদ্দেশ্যেই ভাড়াটে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়।