সকাল আটটার দিকে দূরদূরান্ত থেকে একের পর এক রোগী এসে জড়ো হয়েছেন হাসপাতালের বহির্বিভাগে। সাড়ে আটটার পর আসেন তিন চিকিত্সকও। কিন্তু দেখা নেই টোকেন সরবরাহকারীর। ফলে চিকিত্সা শুরু করা যাচ্ছে না। রোগীরা অপেক্ষার প্রহর গুনছেন কখন টোকেন পাবেন, চিকিত্সকের কক্ষে যাবেন। চিকিত্সকদের কেউ অন্তর্বিভাগে চিকিত্সা দিচ্ছেন, কেউ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বসে খোশগল্প করছিলেন। দেড় ঘণ্টা পর পৌনে ১০টার দিকে এলেন টোকেন সরবরাহকারী মো. আজম। ততক্ষণে ৫৭ জন রোগী লাইনে দাঁড়িয়েছেন। গত বুধবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরেজমিন অবস্থান করে এ দৃশ্য দেখা গেল টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।দুপুর দুইটা ১০ মিনিটে দুর্ঘটনায় আহত জাহেদ হোসেন নামের এক রোগীকে জরুরি বিভাগে আনা হয়। অথচ সে সময় কোনো চিকিত্সক ছিলেন না। আহতের আত্মীয়-স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ তখন ভারী হয়ে ওঠে। টেকনাফ সদর থেকে ৩২ কিলোমিটার দূরের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারপাড়া থেকে এসেছেন দিনমজুর হোসেন আলী। তিনি বলেন, ‘এত দূর থেকে এসেও টোকেন না পাওয়ায় দ্রুত চিকিত্সা পাচ্ছি না। দুপুরের মধ্যে ফিরতে না পারলে কাজে যোগ দিতে পারব না। রোজগার না হলে পুরো পরিবারকে না খেয়ে থাকতে হবে।’ এ ব্যাপারে প্রশ্ন করলে টোকেন সরবরাহকারী মো. আজম বলেন, ‘কাগজ কেটে টোকেন বানাতে হয়, পরে সেগুলোতে সিল করতে হয়। এ কারণে কাউন্টারে আসতে দেরি হয়েছে।’ রোগীদের অভিযোগ, সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকার নিয়ম থাকলেও তা মানা হয় না। চিকিেকরা নির্দিষ্ট সময়ে আসেন না, দুইটা বাজার আগেই বন্ধ হয়ে যায় চিকিত্সক ও কর্মচারীদের কার্যালয়। এ প্রসঙ্গে আবাসিক চিকিত্সক বখতিয়ার আলম বলেন, ‘টোকেন সরবরাহকারী না আসায় বহির্বিভাগের রোগীরা চিকিত্সা নিতে পারেননি। সে সময় আমরা ওয়ার্ডের রোগীদের খোঁজখবর নিয়েছি।’স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে ১১টি চিকিত্সকের পদ থাকলেও ছয়টি দীর্ঘদিন ধরে শূন্য। ১০টি সেবিকার পদ থাকলেও তিন বছর ধরে শূন্য আটটি। এ ছাড়াও ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও দারোয়ানের দুইটি করে, এমএলএসএস, ঝাড়ুদার ও আয়ার চারটি করে পদ শূন্য রয়েছে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও জুনিয়র কনসালট্যান্টের পদও শূন্য। দুই বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫১ শয্যায় উন্নীত করার জন্য ভবন নির্মাণ করা হলেও লোকবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে এটি চালু করা সম্ভব হচ্ছে না। বর্তমানে হাসপাতালে প্রতিদিন ২০-৩০ জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিত্সা নেন ১৫০-২০০ জন, জরুরি বিভাগে ২৫-৩০ জন। গাইনি বিভাগে আধুনিক যন্ত্রপাতি, অক্সিজেন ও ব্লাডব্যাংক না থাকায় গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করা যায় না। জেনারেটর ও এক্স-রে যন্ত্রটি দীর্ঘদিন ধরে নষ্ট। টেকনাফ পৌরসভার কুলালপাড়া গ্রামের সাবেকুনাহার নিমোনিয়া আক্রান্ত যমজ দুই সন্তানকে ভর্তি করিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘সেবিকাদের সেবা আমরা পাচ্ছি না। ওষুুধও কিনতে হয় বাইর থেকে। হাসপাতালের খাবার নিম্নমানের।’ ইসলামাবাদ গ্রাম থেকে বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা রোগী ফরিদ আহমদ বলেন, ‘তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর টোকেন পেলাম। চিকিত্সকের ব্যবস্থাপত্র নিয়ে ওষুধ চাইলে ওষুধ বিতরণকারী (ফার্মাসিস্ট) ১০টি ক্যাপসুলের মধ্যে চারটি দিয়ে তাড়িয়ে দেন।’ওষুধ বিতরণকারী বিমল বড়ুয়া বলেন, ‘ওষুধের সরবরাহ কম অথচ রোগী বেশি। তাই সবার কথা চিন্তা করে কম দিয়েছি।’ শিক্ষিকা তাহমিনা খানম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডায়রিয়া, মহিলা ও পুরুষ ওয়ার্ডে দুর্গন্ধ। যেখানে সেখানে ময়লা।’ চিকিত্সা কর্মকর্তা আজমুল ইসলাম বলেন, ‘হাসপাতালে রোগী একটু বেশিই থাকে। ফলে অনেক সময় চিকিত্সাসেবার মান নিশ্চিত করতে হিমশিম খেতে হয়।’স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফফর আহমদ বলেন, ‘প্রয়োজনীয় চিকিত্সক ও সেবিকা না থাকায় চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে।’