চিকিৎসক ও কর্মচারী-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক-কর্মচারী এবং চিকিৎসা-সরঞ্জামের চরম সংকট চলছে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না উপজেলার মানুষ। বিশেষ করে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম না থাকায় সংশ্লিষ্ট রোগীদের বাধ্য হয়ে ফেনী সদর হাসপাতাল বা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হয়। কিন্তু আর্থিক সমস্যার কারণে অনেকের পক্ষে সদর হাসপাতালে যাওয়া কিংবা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ৩১ শয্যার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে মোট ১০টি। এর মধ্যে আছেন মাত্র চারজন। সেবিকার ১০টি পদের মধ্যে আছেন পাঁচজন। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পাঁচটি পদের মধ্যে আছেন মাত্র একজন। একমাত্র ঝাড়ুদারের পদটিও দীর্ঘদিন ধরে শূন্য। জানা গেছে, চিকিৎসা-সরঞ্জামের সংকটও রয়েছে এ হাসপাতালে। টেকনিশিয়ান থাকলেও দীর্ঘদিন এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়ে রয়েছে। হাসপাতালে একটি জেনারেটর থাকলেও জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সেটি পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন বিভাগে যন্ত্রপাতি ও আসবাবসংকট। সূত্র জানায়, বর্তমানে যে চারজন চিকিৎসক কর্মরত রয়েছেন তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দাপ্তরিক কাজে প্রায় সময় ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে রোগী দেখতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁকে। একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা এলাকায় থাকলেও জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ও অন্য একজন চিকিৎসা কর্মকর্তা (এমও) জেলা শহর ফেনী থেকে আসা-যাওয়া করেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৫০ জন রোগী এখানে ভর্তি থাকে। বহির্বিভাগে চিকিৎসাসেবা নেন চার-পাঁচ শ রোগী। কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় চিকিৎসক না থাকায় অনেককে সেবা না নিয়েই বাড়ি ফিরতে হয় অথবা জেলা শহরে গিয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে হয়। সম্প্রতি চর চান্দিয়া ইউনিয়নের ভূঞার বাজার এলাকা থেকে সোনাগাজী হাসপাতালে আসা রোগী ছালেহা খাতুন বলেন, ‘আমি দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু দাঁতের চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় ফিরে যেতে বাধ্য হই। পরে উপজেলা সদরের একজন দাঁতের চিকিৎসকের কাছে যাই। পরে জানতে পারি, ওই চিকিৎসকের কোনো ডিগ্রি নেই। তিনি একজন গ্রাম্য চিকিৎসক।’ এভাবে অনেক রোগী প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন বলে তিনি জানান।চর সোনাপুর গ্রামের হাড়ভাঙা রোগী আবদুল হক চিকিৎসাসেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারেন হাসপাতালের এক্স-রে মেশিনটি নষ্ট। সোনাগাজী উপজেলা সদরে ভালো কোনো এক্স-রে মেশিন না থাকায় তিনি বাধ্য হয়েছেন ফেনী যেতে। সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আরেফিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম না থাকায় রোগীদের বাধ্য হয়ে ফেনী সদর হাসপাতাল অথবা বিভিন্ন ক্লিনিকে যেতে হয়।’ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারওয়ার জাহান চিকিৎসক-কর্মচারী ও যন্ত্রপাতি সংকটের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক-সংকট এবং এক্স-রে মেশিনসহ বিভিন্ন বিভাগের যন্ত্রপাতি নষ্ট থাকার বিষয়ে একাধিকবার চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’