দেয়ালে ছোট-বড় ফাটল। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। বিবর্ণ কোনো কোনো দেয়ালে জমেছে শেওলা। এ রকম ভবনেই বসবাস করেন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক-কর্মচারীরা। এসব বাসভবন নির্মাণের পর থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অথচ চিকিৎসক ও কর্মচারীদের কাছ থেকে প্রতিমাসে বেতনের ৪০ ভাগ অর্থ বাসাভাড়া বাবদ কাটা হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন চিকিৎসক, চারজন চিকিৎসা সহকারী, ১৪ জন সেবক-সেবিকাসহ ৫৮ জন কর্মরত। যাঁদের থাকার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সরকারি বাসভবন রয়েছে। কিন্তু এসব বাসভবনে এখন আর থাকার পরিবেশ নেই। চিকিৎসকেরা জানান, ১৯৬০ সালে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণ করার সময় চিকিৎসক ও কর্মচারীদের থাকার জন্য একতলা বিশিষ্ট পাকা বাসভবনগুলো নির্মাণ করা হয়। যা আর কোনো সময় সংস্কার করা হয়নি। ফলে ২০ বছর আগে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যেখানে চিকিৎসক ও কর্মচারীরা ঝুঁকি নিয়ে বসবাস করে আসছেন।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুমন বড়ুয়া বলেন, ‘স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং আবাসিক চিকিৎসকের বাসস্থান একই ভবনের পৃথক ফ্ল্যাটে। কিন্তু এই ভবনটির চারপাশের দেয়ালে বড় বড় ফাটল সৃষ্টি হয়। ছাদের পলেস্তারা খসে পড়েছে অনেক স্থান থেকে। ভবনের ভেতরে-বাইরে শেওলায় ছেয়ে গেছে। মাঝারি ধরনের ভূমিকম্প হলেও এ ভবন ধসে পড়বে।’ তিনি আরও জানান, চিকিৎসকদের থাকার অন্য একটি ভবনের দেয়াল ধসে পড়েছে অনেক আগে। এ কারণে এই ভবনে ভয়ে কেউ বসবাস করে না। ভবনটি সাত থেকে আট বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ ছাড়া হাসপাতালের সেবিকা, আয়া, ওয়ার্ড বয়সহ কর্মচারীদের ভবনেরও একই অবস্থা। তার পরও তাঁরা বাধ্য হয়ে বসবাস করছেন এসব বাসভবনে। ভবনের বাসিন্দারা জানান, বেশির ভাগ বাসভবনে পানি সরবরাহের লাইন নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যবস্থাও বন্ধ রয়েছে কিছু ভবনে। হাসপাতালের পশ্চিম পাশের নিরাপত্তা দেয়াল ধসে পড়ায় নিরাপত্তাব্যবস্থাও হুমকির মুখে পড়েছে।হাসপাতালের সেবিকা হাসিনা আক্তার বলেন, ‘সেবিকা হিসেবে হাসপাতালের অভ্যন্তরে সরকারি বাসভবনে থাকা বাধ্যতামূলক। কিন্তু গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকট নিয়ে এসব বাসভবনে পরিবার নিয়ে থাকাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।’ এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, ‘কর্মচারীদের কথা বলব কী! নিজেও থাকি জরাজীর্ণ বাসায়। শুধু বাসা নয়, হাসপাতাল ভবনও জরাজীর্ণ হয়ে পড়েছে প্রায় ২০ বছর আগে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবরে একাধিকবার প্রতিবেদন পাঠানোর পর কর্তৃপক্ষ গত বছর প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে হাসপাতাল ভবন সংস্কার করে। কিন্তু বাসভবনগুলো সংস্কারের উদ্যোগ নেয়নি।’