চিকিৎসক থাকেন দুপুর পর্যন্ত সেবা পান না দুর্ঘটনায় আহতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজে আসছে না ফেনী ট্রমা সেন্টার। নামেমাত্র বর্হিবিভাগ থাকলেও পাঁচ বছরেও হাসপাতালের অন্তর্বিভাগ চালু হয়নি। অভিযোগ রয়েছে, বহির্বিভাগে চিকিৎসক থাকেন দুপুর পর্যন্ত। ফলে চিকিৎসাসেবা পাচ্ছেন না সড়ক দুর্ঘটনায় আহতরা। চিকিৎসকেরা জানান, প্রচারের অভাবে এখানে সড়ক দুর্ঘটনায় আহত কোনো রোগী আসে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ফেনী-নোয়াখালী লক্ষীপুরসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত বহু লোক আহত হয়। আহতদের চিকিৎসাসেবা দিতে ফেনীতে ২০ শয্যার সরকারি ট্রমা সেন্টার নির্মাণ করা হয় ২০০৬ সালে। বর্তমানে সেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। গত অক্টোবর মাসে ওই ট্রমা সেন্টারে মাত্র ১৮ জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তাও কেউ সড়ক দুর্ঘটনায় বা অন্য কোনো কারনে আঘাতপ্রাপ্ত নয়। তাঁরা ছিলেন শুধু জ্বর আক্রান্ত রোগী।ট্রমা সেন্টারের ১০০ গজের মধ্যে মহিপাল আন্তঃনগর বাসস্ট্যান্ডের নুরুল ইসলাম নামে একজন শ্রমিক অভিযোগ করেন, রোগী নিয়ে গেলে ডাক্তার পাওয়া যায় না। সকালে কিছুক্ষণ তাঁরা থাকেন। তারপর গেট বন্ধ করে সবাই চলে যায়। দুপুরের পর থেকে কাউকে পাওয়া যায় না। সকালে গেলেও কর্মচারীরা বিভিন্ন ক্লিনিকে যেতে বলে। ফলে সড়ক দুর্ঘটনায় বা অন্য কোনোভাবে আহত হয়ে কেউ সেখানে চিকিৎসাসেবা নিতে যায় না। ফেনী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০ শয্যার ট্রমা সেন্টারে দুটি কেবিন ও দুটি সাধারণ ওয়ার্ডে ১৮টি শয্যা থাকার কথা থাকলেও নির্মাণের পাঁচ বছরেও অন্তর্বিভাগ (ইনডোর) চালু করা হয়নি। বর্তমানে একজন জুনিয়র অর্থোপেডিক কনসালটেন্ট, পাঁচজন সেবিকা, একজন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার), তিনজন চিকিৎসা সহকারী, একজন অফিস সহকারী, দুজন ল্যাব এটেনডেন্ট, একজন আয়া ও একজন ঝাড়ুদার কর্মরত রয়েছেন। ট্রমা সেন্টারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বেলা ১১টায় অর্থোপেডিক কনসালটেন্ট, অফিস সহকারী ও সেবিকারা অলস সময় কাটাচ্ছেন। এ সময় সেখানে কোনো রোগী ছিল না। বারান্দায় অটোক্ল্যাভ যন্ত্রটি বাক্সবন্দী হয়ে অযত্নে-অবহেলায় পড়ে রয়েছে। এ প্রসঙ্গে ট্রমা সেন্টারের অর্থোপেডিক কনসালটেন্ট মো. কামাল উদ্দিন বলেন, ট্রমা সেন্টারটি যে একটি হাড়ভাঙা ও জোড়া লাগানোর হাসপাতাল—মানুষ সেটাই জানে না। অন্তর্বিভাগ চালু করে রোগী ভর্তি শুরু না হলে রোগী আসবে না। তিনি বলেন, জরুরি চিকিৎসার জন্য হাসপাতালসংলগ্ন স্থানে চিকিৎসক ও কর্মচারীদের আবাসন প্রয়োজন। আবাসন ব্যবস্থা না থাকায় সারাক্ষণ হাসপাতালে থাকা সম্ভব হয় না। ফেনীর সিভিল সার্জন হরিপদ রায় বলেন, শুধু বিশেষজ্ঞ চিকিৎসক হলে চলে না। হাসপাতালের প্রাণ মেডিকেল কর্মকর্তার পদই সৃষ্টি করা হয়নি। আবাসনের সুবিধা নেই। শহর থেকে গিয়ে জরুরি চিকিৎসাসেবা দেওয়া যায় না। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেওয়া হয়েছে।