চিকিৎসক নেই, গাইনি বিভাগ অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম ভেঙে পড়েছে। ৫১ শয্যার এ হাসপাতালে গাইনিসহ (ইওসি) বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও অবেদনবিদ (অ্যানিসথেটিস্ট) নেই। নেই এক্স-রে, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম। ফলে উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছে না এলাকার মানুষ। এলাকার বাসিন্দারা জানান, ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনগণের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল বাঁশখালী উপজেলা হাসপাতাল। এখানে দীর্ঘদিন ধরে চিকিৎসক-স্বল্পতা ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাব থাকলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। ফলে লোকজন পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসকের পদ রয়েছে ২০টি। এর মধ্যে চিকিৎসা কর্মকর্তার (এমও) পাঁচটি পদই খালি। গাইনি বিভাগে অবেদনবিদ না থাকায় দুই বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। ফলে বিভাগটি কার্যত অচল হয়ে পড়েছে।হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি পাঁচ বছরের বেশি সময় ধরে বিকল। দুটি অ্যামু্বলেন্সের মধ্যে একটির ফিটনেস বাতিল করেছে বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা)। অন্যটির অবস্থাও খারাপ। জেনারেটরটি প্রায় সময় অচল হয়ে থাকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘প্রসূতি বিভাগের অবেদনবিদ অন্যত্র বদলি হওয়ায় অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে যোগ দেওয়ার পরই দেখি এক্স-রে মেশিনটি নষ্ট। একটি অ্যাম্বুলেন্সের ফিটনেস বাতিল হয়েছে। অন্যটির অবস্থাও নাজুক। বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।’ হাসপাতাল সূত্রে জানা যায়, এ হাসপাতালে ২০০২ সালের ৯ ফেব্রুয়ারি জরুরি প্রসূতিসেবা (ইওসি) বিভাগ চালু করা হয়। এ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আকতার হোসেন ২০১০ সালের ১৩ জুন অন্যত্র বদলি হয়ে যান। এ পদে সম্প্রতি কোহিনুর বেগম নামে একজন গাইনি চিকিৎসক যোগ দেন। তবে গত ৭ মে জুনিয়র কনসালটেন্ট (অবেদন বিভাগে) হিসেবে সত্যজিত ধর যোগ দিয়ে একই দিন তদবির করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে চলে যান। ফলে কার্যত গাইনি বিভাগ অচলই থেকে গেছে। এদিকে হাসপাতালের এক্স-রে মেশিনটি পাঁচ বছর ধরে বিকল থাকার পাশাপাশি রেডিওলজিস্ট পদটি শূন্য রয়েছে। রেডিওলজিস্ট আবুল কাশেম ২০১০ সালের ৭ মার্চ অন্যত্র বদলি হওয়ার পর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। পরে আনোয়ারা হাসপাতালের রেডিওলজিস্ট জাহাঙ্গীর হোসেনকে এখানে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও এক্স-রে মেশিন বিকল থাকায় তিনি আগের কর্মস্থলে চলে যান। ভাঙা একটি অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের জোড়াতালির সেবা দেওয়া হচ্ছে। এটির খরচ সামলাতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কাথরিয়া কোটপাড়া গ্রামের এক রোগীর মা ছেনোয়ারা বেগম বলেন, ‘গাছ থেকে পড়ে ছেলের হাত ভেঙেছে। কিন্তু এ হাসপাতালে এক্স-রে মেশিন না থাকায় এক্স-রে করতে হচ্ছে বাইর থেকে। এই এক্স-রে রিপোর্ট সঠিক হবে কি না বুঝতে পারছি না।’ হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘বর্তমানে ব্যবহূত অ্যাম্বুলেন্সটির অবস্থা নাজুক। এটির পাটাতন নষ্ট হওয়ায় ভেতরে ধুলাবালু ঢুকে। মেরামত খরচের অভাবে প্রায় সময় অ্যাম্বুলেন্সটি অলস পড়ে থাকে।’ বাঁশখালী হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অবেদনবিদ না থাকার বিষয়টি মাসিক সভায় আলোচনা করা হয়েছে। সরকারিভাবে নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার আগে বর্তমানে ব্যবহূত গাড়িটি পরিত্যক্ত ঘোষণা করতে হবে। হাসপাতালের সেবার মান বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় যন্ত্রপাতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখার জন্য টিএইচওকে নির্দেশ দেওয়া হয়েছে।’