চিকিৎসক নেই, সেবা পান না প্রসূতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ধরে দীঘিনালা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসক (এমসিএইচএফপি) পদটি শূন্য থাকায় এলাকার নারী ও শিশুরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিবার পরিকল্পনা কার্যালয়ে আসা রোগীদের সেবা নিতে হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকার কাছ থেকে।চিকিৎসক না থাকায় সংকটাপন্ন প্রসূতি রোগীদের চিকিৎসা নিতে যেতে হয় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। তথ্যানুসন্ধানে জানা যায়, ২০০৭ সালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা পদটি শূন্য হলে এ পদে এখন পর্যন্ত কোনো চিকিৎসককে পদায়ন করা হয়নি। উপজেলার পাঁচটি ইউনিয়নসহ পাশের রাঙামাটি জেলার দুই উপজেলার নারীরা এ কার্যালয়ে চিকিৎসা নিতে আসেন। তবে এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বিষয়ে পরামর্শ ছাড়া তেমন কোনো স্বাস্থ্যসুবিধা পান না বলে অভিযোগ রয়েছে।উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি গ্রামের পদ্মলতা চাকমা, বড়াদমের ধনপুতি চাকমাসহ বেশ কয়েকজন প্রসূতি রোগী অভিযোগ করে বলেন, ‘আমরা সেবা পাওয়ার আশায় অনেক দূর থেকে পরিবার পরিকল্পনা কার্যালয়ে যাই। কিন্তু ডাক্তার না থাকায় আমাদের খাগড়াছড়ি গিয়ে চিকিৎসাসেবা নিতে হয়। ভ্রমণের ধকল সয়ে জেলা সদরে যাওয়া-আসা করা প্রসূতি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হলেও কোনো উপায় নেই।’ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা বলেন, ‘প্রসূতি নারী সব সময় স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে থাকেন। সঠিক সেবা ও পরামর্শ না পেলে গর্ভকালীন জটিলতা দেখা দিতে পারে। এতে প্রসূতি মায়ের প্রাণহানিরও আশঙ্কা থাকে। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি। দুর্গম এলাকার নারীরা জানেন না এখানে চিকিৎসক নেই। কষ্ট করে চিকিৎসাসেবা নিতে এসে বিমুখ হয়ে ফিরে যান। একটি গুরুত্বপূর্ণ দপ্তরে বছরের পর বছর চিকিৎসক না থাকা দুর্ভাগ্যজনক।’পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্যামলা চাকমা বলেন, ‘কেন্দ্রে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী আসেন। চিকিৎসক না থাকায় আমরা আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করি। তবে অনেক রোগীই আসেন গর্ভকালীন জটিলতা নিয়ে। তাঁদের আমরা জেলা সদরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলি।’ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজলা চাকমা বলেন, ‘আমাদের অনেক সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক ও ফার্মাসিস্টসহ অনেকগুলো পদ শূন্য। একটি ছোট্ট কক্ষে কোনো রকমে রোগীদের সেবা দিতে হচ্ছে।’এ প্রসঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক বিপ্লব বড়ুয়া চিকিৎসক না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘কেন্দ্রটিতে একজন চিকিৎসককে পদায়নের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কয়েকবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।’