চিকিৎসক মাত্র একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের পদ থাকলেও নিয়মিত চিকিৎসাসেবা দেন মাত্র একজন। ফলে সেবাবঞ্চিত হচ্ছেন রোগীরা। অথচ কাগজে-কলমে কর্মরত আছেন পাঁচজন চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পাঁচজন চিকিৎসকের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউর রহমান খান দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকায় রোগী দেখতে পারেন না। দন্ত চিকিৎসার কক্ষ ও যন্ত্রপাতি না থাকায় সেবা দিতে পারেন না চিকিৎসক নিউটন চাকমাও। অন্যদিকে চিকিৎসা কর্মকর্তা ইউসুফ আলী ১ আগস্ট থেকে ছয় মাসের প্রশিক্ষণে রয়েছেন। জুনিয়র পরামর্শক (গাইনি) শামীমা হোসেন খান চট্টগ্রাম থেকে সপ্তাহে মাত্র এক দিন আসেন। ফলে অন্ত ও বহির্বিভাগে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অনুতোষ চাকমাকে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে অপেক্ষায় আছেন চিকিৎসা নিতে আসা কমপক্ষে এক শ রোগী। সেবা দিতে হিমশিম খাচ্ছেন ভারপ্রাপ্ত আরএমও অনুতোষ চাকমা। অবশ্য তাঁকে সহায়তা করছেন পাঁচজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা। একই দিন অন্তর্বিভাগে ভর্তি আছেন ২১ জন।
হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসা বেতছড়ি এলাকার হজরত আলী (৭৫), বোয়ালখালীর লাইলী বেগম (৩০), কাটারুংয়ের মায়ানীতি চাকমা (৫৫), বাবুছড়ার শ্যামলমিত্র চাকমা ও বেতছড়ির মো. রিপন মিয়া বলেন, ‘অনেক দূর থেকে হাসপাতালে বড় ডাক্তারের (চিকিৎসা কর্মকর্তা) কাছে চিকিৎসা নিতে এসেছিলাম। কিন্তু বড় ডাক্তারকে দেখাতে পারিনি। ছোট ডাক্তারের (উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা) কাছে চিকিৎসা নিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও অনুতোষ চাকমা বলেন, ‘১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে ২০ জন রোগী অন্তর্বিভাগে ভর্তি হন। বহির্বিভাগে প্রতিদিন দেড় থেকে দুই শ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। চিকিৎসা কর্মকর্তা মাত্র আমি একজন। পাঁচজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রোগী সামলাতে হচ্ছে।’ স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
জুনিয়র পরামর্শক (সার্জারি), জুনিয়র পরামর্শক (অবেদনবিদ), আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), চিকিৎসা কর্মকর্তার চারটি পদ শূন্য রয়েছে। এসব পদে চিকিৎসক পদায়নের চেষ্টা করেও কোনো ফল হচ্ছে না।
দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘আমরা প্রতি মাসে উপজেলার মাসিক সমন্বয় সভায় চিকিৎসক সংকটের বিষয়টি আলোচনা করে সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাই। কিন্তু কোনো কাজ হচ্ছে না। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন জরুরি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউর রহমান খান বলেন, ‘চিকিৎসক সংকটের বিষয়টি আমি প্রতি মাসেই মহাপরিচালকের দপ্তরে প্রতিবেদন পাঠাচ্ছি। এখন একজন চিকিৎসা কর্মকর্তা ও পাঁচজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাকে দিয়ে কার্যক্রম চালাচ্ছি।’
গাইনি পরামর্শক সপ্তাহে এক দিন আসা প্রসঙ্গে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে বাসস্থানের ব্যবস্থা না থাকায় তিনি নিয়মিত আসতে পারেন না।