ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক-সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৩১ শয্যার এই হাসপাতালে ১০ জন স্বাস্থ্য কর্মকর্তার মধ্যে বর্তমানে মাত্র দুজন কর্মরত আছেন। তিনজন চিকিৎসক দীর্ঘদিন ধরে অনুমোদন না নিয়েই ছুটি কাটাচ্ছেন। এ ছাড়া বাকি পাঁচটি পদে নিয়োগই হয়নি এখনো।হাসপাতালের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মচারীর পদও শূন্য রয়েছে। ফলে উপজেলার তিন লাখের বেশি মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, এই স্বাস্থ্যকেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১০ জন স্বাস্থ্য কর্মকর্তার পদ রয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বর্তমানে মাত্র দুজন চিকিৎসক কর্মরত আছেন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ও ডেন্টাল সার্জনের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছরওয়ার জাহান ও জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) সাদীয়া যবীন খান হাসপাতালে রোগী দেখতে হিমশিম খাচ্ছেন। বহির্বিভাগে চিকিৎসা সহকারীরা (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) রোগী দেখে কোনো রকমে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এ ছাড়া উপজেলার আটটি উপস্বাস্থ্যকেন্দ্র ও পরিবার কল্যাণকেন্দ্রে০ আটজন স্বাস্থ্য কর্মকর্তা পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র চারজন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সেবিকার পদ আছে ১১টি। তবে এর মধ্যে ছয়টি পদই শূন্য। প্রধান সহকারী পদে একজন থাকলেও তিনি প্রেষণে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। কার্যলয় সহকারীর তিনটি পদের মধ্যে দুটি শূন্য, সাতটি ফার্মাসিস্ট পদের মধ্যে চারটি পদ শূন্য। এ ছাড়া ওয়ার্ড বয়, নৈশপ্রহরী ও আয়ার পদেও লোকবল নেই। লোকবল-সংকটের পাশাপাশি নানা সমস্যাও রয়েছে হাসপাতালে। এক্স-রে যন্ত্রটি দীর্ঘদিন অচল। একমাত্র জেনারেটরটি এক যুগের বেশি সময় নষ্ট। একই পরিস্থিতি বিরাজ করছে উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে।উপজেলার চর চান্দিয়া গ্রামের কৃষক আবুল হাসেম দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে এসেই জানতে পারেন, সোনাগাজী হাসপাতালে দাঁতের ডাক্তার নেই। তিনি জানান, ‘পকেটে যে টাকা আছে তা দিয়ে ফেনী গিয়ে ডাক্তার দেখানো যাবে না। স্থানীয় হাতুড়ে ডাক্তারের কাছ থেকেই চিকিৎসা নিতে হবে।চর সোনাপুর গ্রামের আবুল বশর জানান, তিনি কিছুদিন আগে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সোনাগাজী হাসপাতালে যান। কিন্তু জরুরি প্রসূতিসেবা কার্যক্রম ও অবেদনবিদ (অ্যানেসথেসিয়ার ডাক্তার) না থাকায় তাঁকে ২৫ কিলোমিটার দূরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছরওয়ার জাহান চিকিৎসক-স্বল্পতার কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকে এবং বহির্বিভাগে প্রায় ৪০০ রোগী চিকিৎসা নিতে আসে। হাসপাতালের কার্যালয়ের কার্যক্রম সেরে রোগী দেখতে হিমশিম খেতে হয়। কাজেই চিকিৎসা সহকারীদের দিয়ে রোগী দেখাতে হয়। এ ছাড়া বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্র থেকেও চিকিৎসকদের এনে কাজ করানো হয়। তার পরও সব সময় পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।