চিকিৎসকের অনুপস্থিতিই যেন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর হাসপাতলের বিশেষজ্ঞ চিকিৎসকসহ অধিকাংশ চিকিৎসকের কর্মস্থলে না আসার অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছে। সপ্তাহে এক দিন অথবা দুই দিন তাঁরা হাসপাতালে আসেন বলে অভিযোগ আছে। এতে উপস্থিত চিকিৎসকদের ওপর চাপ বাড়ছে। অন্যদিকে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসা অন্তত ২০০ রোগীর ভোগান্তি হচ্ছে বলে হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। বর্তমানে প্রেষণে আসা চারজনসহ মোট ১৫ জন চিকিৎসক কর্মরত আছেন। এঁদের মধ্যে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞসহ চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, আটজন চিকিৎসা কর্মকর্তা (এমও) এবং তিনজন অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জন। চিকিৎসা কর্মকর্তাদের মধ্যে একজন আবাসিক চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। রেডিওলজি ও দন্ত্যচিকিৎসা বিভাগে একজন এবং জরুরি বিভাগে দুজন চিকিৎসক কাজ করছেন।গত সোমবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে দেখা গেছে, মাত্র দুজন চিকিৎসক বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। অনেক শিশু ও বৃদ্ধ চিকিৎসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন।রোয়াংছড়ির ব্যাঙছড়ি থেকে আসা বাথোয়াই অং মারমা জানালেন, কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হলেও হাসপাতালের চিকিৎসাসেবা ভালো। চিকিৎসা নিতে আসা ক্যথোয়াই মারমা জানান, প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর তিনি চিকিৎসকের সাক্ষাত পেয়েছেন। জানা গেছে, কয়েকজন চিকিৎসা কর্মকর্তা ছাড়া বেশিরভাগ চিকিৎসক নিয়মিত হাসপাতালে আসেন না। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা জানান, সরকারের উচ্চ পর্যায়ে বার বার অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া বান্দরবানের স্থায়ী বাসিন্দা অনেক চিকিৎসকও হাসপাতালে নিয়মিত আসেন না বলে অভিযোগ আছে। তবে হাজিরাখাতায় নিয়মিত উপস্থিতির স্বাক্ষরসহ নথিপত্রে কোনো রকম অনিয়মের চিহ্ন নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, তারা বিশেষ বিশেষ জটিল রোগিদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। বান্দরবানে সেরকম জটিল রোগির সংখ্যা কম হওয়ায় কর্মস্থলে এসে কর্মহীন বসে থাকতে হয়। এ জন্য তারা অন্য জায়গায় জটিল রোগিদের চিকিৎসাসেবা দিচ্ছেন। এতে দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে। তবে যে কোনো সময় অবহিত করার সঙ্গে সঙ্গে তাঁরা বান্দরবানে চলে আসেন বলে ওই বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন। হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) উইলিয়াম লুসাই চিকিৎসকদের ইচ্ছে মাফিক কর্মস্থলে আসার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ চিকিৎসকদেরও সুবিধা-অসুবিধা থাকতে পারে। তারপরও সবাই কর্মস্থলে আসার চেষ্টা করেন। তবে উপস্থিতির মাত্রা আরও বাড়ানো গেলে অন্য চিকিৎসকদের কাজের চাপ কমানো যেত এবং সেবার মানও বাড়ানো সম্ভব হত।’