চিকিৎসকের গাফিলতি, শিশুর কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস আগে হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেন জান্নাতুননেছা। কিন্তু চিকিৎসকের গাফিলতির কারণে হাড় ভেঙে যায় শিশুটির। প্রাথমিক ধকল কাটিয়ে উঠলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে হিসানের। প্রসবের সময় দায়িত্বরত চিকিৎসকদের তাড়াহুড়া ও অসাবধানতাই হাসিনের মতো অনেক নবজাতকের দুর্ভোগের কারণ।
সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত চিকিৎসকদের এক বৈঠকে এই তথ্য তুলে ধরেন কলেজের সহকারী অধ্যাপক সমিরুল ইসলাম। ‘জন্মের সময় হাড় ভাঙা’ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ ও গবেষণা করেছেন সমিরুল। তাঁর গবেষণাপত্রে উল্লেখ করা হয়, জন্মের সময় টানাটানি করতে গিয়ে অনেক সময় শিশুর হাঁড় ভেঙে যাচ্ছে। নরম হাড় না ভাঙলেও অনেক সময় পেশি কিংবা হাড়ে চোট পাচ্ছে নবজাতক। এর বেশির ভাগই ঘটে স্বাভাবিক কিংবা জোরপূর্বক জন্মদানের সময়। অস্ত্রোপচারের ক্ষেত্রে এই ধরনের ঘটনা একেবারেই নগণ্য বলে গবেষণায় দেখানো হয়েছে। অথচ হিসানের ক্ষেত্রে তেমনটাই ঘটল।
নগরের আন্দরকিল্লার একটি হাসপাতালে হিসানের জন্ম। চট্টগ্রাম মেডিকেলের সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হওয়ায় তার আঘাত পাওয়ার কথা নয়। অথচ চিকিৎসকের উদাসীনতার মূল্য দিকে হলো শিশুটিকে। জানা গেছে, জন্মের পর থেকেই ক্রমাগত চিৎকার করে কান্না করছিল শিশুটি। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলে এক্স-রেতে ধরা পড়ে তার ডান পায়ের ঊরুর হাড় ভাঙা।
জন্মের সময় এভাবে হাড় ভাঙা কিংবা ব্যথা পাওয়ার ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে ‘বার্থ ফ্র্যাকচার’। সারা বিশ্বে প্রতি এক হাজার নবজাতকের মধ্যে দুই থেকে সাতজনের জন্মের সময় হাড় ভাঙে। চিকিৎসকদের অসচেতনতা, হুড়োহুড়ির কারণে এই ধরনের ঘটনা ঘটে বলে এক সমীক্ষায় দেখা গেছে।
এই ধরনের ঘটনা এড়ানোর জন্য চিকিৎসকদের আরও যত্নবান ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সমিরুলের গবেষণাপত্রে। জন্মের সময় কলার বোন এবং হাতের হাড় বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি জানান।
এ বিষয়ে সমিরুল ইসলাম বলেন, জন্মের সময় অনেক ক্ষেত্রে বাচ্চার হাত কিংবা পা আগে বের হয়ে যায়। এ সময় নবজাতকটি বাঁচানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে হয় চিকিৎসকদের। নইলে বাচ্চার জীবন সংকটে পড়। তাই তাড়াতাড়ি বের করার সময় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
হিসানের বাবা মো. ইকবাল বলেন, ‘জন্মের পর আমাদের কাছে সংশ্লিষ্ট চিকিৎসকেরা বিষয়টি গোপন রেখেছিলেন। পরে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ১৫ দিন পা টানা দিয়ে রাখলে আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে।’
এ ধরনের ঘটনার ক্ষেত্রে অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, কোনো চিকিৎসক ইচ্ছাকৃতভাবে কোনো নবজাতকের হাড় ভাঙেন না। যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, সে ক্ষেত্রেও এর চিকিৎসা রয়েছে। তবে শিশুদের অসহ্য যন্ত্রণা হয় বলে জানান তাঁরা।
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে এমন জটিলতার শিকার হয়ে অনেক নবজাতক চিকিৎসা নিয়েছে। বছর খানেক আগে আমিনা ও আশিক নামের দুটি নবজাতক আসে যথাক্রমে কলার বোন ও হাতের হাড় ভাঙা অবস্থায়। তারা এখন সুস্থ। তবে বাংলাদেশে জন্মগত হাড় ভাঙার হার কেমন, সেটার কোনো পরিসংখ্যান নেই।
এ বিষয়ে সমিরুল ইসলাম বলেন, ‘চিকিৎসায় এসব সমস্যা পুরোপুরি ভালো করা সম্ভব। এ ক্ষেত্রে রোগীর অভিভাবকদের ধৈর্য ধরতে হবে।’