বারখাইন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসহ চারজন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে তিনজন কর্মরত আছেন। এর মধ্যে চিকিৎসক আসেন সপ্তাহে দুই দিন। এর ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রটি সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত খোলা থাকার কথা। কেন্দ্রটিতে একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সাকামো), একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস থাকার কথা। এর মধ্যে ফার্মাসিস্টের পদটি খালি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকও আসেন সপ্তাহে দুই দিন। বাকি চার দিন তিনি কাজ করেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।
সম্প্রতি বারখাইন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে দেখা গেছে, কর্তব্যরত চিকিৎসক সেদিন আসেননি হাসপাতালে। সকালে ছয়–সাতজন রোগী এলেও দুপুরে ফাঁকাই ছিল হাসপাতালটি। চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছিলেন বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপের বাসিন্দা আবুল কালাম (৪৬)। তিনি বলেন, আগে অসুখ হলেই গ্রামের মানুষ এখানে ছুটে আসত। এখন চিকিৎসক না থাকায় সবাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যায়।
কর্মস্থলে উপস্থিত সাকামো মো. আহসানুল বারী বলেন, ‘কর্মরত চিকিৎসক সাগর বড়ুয়া সপ্তাহের সোম ও বুধবার আসেন। অন্যান্য দিনগুলোতে আমিই রোগী দেখি।’ তিনি আরও জানান, প্রতিদিন গড়ে ৮-১০ জন রোগী আসেন। স্বাস্থ্যকেন্দ্র থেকে রোগীদের খাওয়ার স্যালাইন ও জ্বরের ওষুধ দেওয়া হয়।
দুপুর ১২টায় চার দিনের জ্বর নিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দা হুরাইন জান্নাত (৩৫)। তিনি বলেন, ‘চিকিৎসককে পাইনি, সাকামোকে দেখিয়েছি। তাই বিকেলে চাতরী বাজারে গিয়ে আবার চিকিৎককে দেখাবো।’
মুঠোফোনে চিকিৎসক সাগর বড়ুয়া বলেন, ‘সপ্তাহের চার দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে হয় বলে এই কেন্দ্রে দুই দিন দায়িত্ব পালন করতে পারি।’
এ ব্যাপারে আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তাফা জামাল প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসক বেশি হওয়ায় রাতের পালা ও জরুরি বিভাগে দায়িত্ব পালনের জন্য ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত চিকিৎসকদের আনতে হয়। এ কারণে বারখাইন স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে দুই দিন চিকিৎসক যান।