চিকিৎসকের পরামর্শ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ সৈয়দ আফজালুল করিম বলেন, লোশন, ক্রিম ইত্যাদি ব্যবহারে যদি ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে, তবে বুঝতে হবে সেই প্রসাধনীর কোনো উপাদানের কারণে ত্বকে প্রতিক্রিয়া হচ্ছে। অর্থাৎ সেই ত্বকের জন্য প্রসাধনীটি উপযুক্ত নয়। সঙ্গে সঙ্গে এর ব্যবহার বন্ধ করে দিতে হবে। জ্বালাপোড়া কমাতে তৈলাক্ত কিছু, যেমন—কোল্ড ক্রিম সে স্থানে লাগিয়ে দিতে হবে। বেশি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাঁদের ত্বকে ব্রনের প্রকোপ আছে, তাঁরা অয়েল কন্ট্রোল বা অয়েল ব্যালান্স-জাতীয় ক্রিম ব্যবহার করুন। পাশাপাশি ব্রনের চিকিৎসাও নিন। ব্রনযুক্ত ত্বকে ক্রিম ব্যবহার করলে ত্বক তৈলাক্ত ভাব হয়ে যেতে পারে, যা ক্ষতিকর। এ ক্ষেত্রে মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে তারপর টিস্যু দিয়ে মুছে ফেললে মুখে তৈলাক্ত ভাব আসবে না। গোড়ালি ফাঁটার সমস্যা বেশি হলে বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। আর এই সমস্যা কমিয়ে আনতে রোজ রাতে পা ধুয়ে তাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমান।