চিকিৎসকেরা নিবন্ধন নম্বর উল্লেখ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার চিকিৎসকেরা এখন তাঁদের দেওয়া ব্যবস্থাপত্রে বিএমডিসির নিবন্ধন সংখ্যা লিখতে শুরু করেছেন। প্রথম আলোতে ‘চট্টগ্রামে সহস্র ভুয়া চিকিৎসক’ শিরোনামে খবর প্রকাশের পর এ পরিবর্তন দেখা যাচ্ছে।জানা গেছে, প্রথম আলোতে খবর প্রকাশের পর আনোয়ারার বিভিন্ন এলাকায় চিকৎসকেরা রোগীদের দেওয়া ব্যবস্থাপত্রে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনসংখ্যা লিখতে শুরু করেছেন। উপজেলার চাতরী চৌমুহনী বাজারের একটি ওষুধের দোকানে গিয়ে দেখা যায় ডা. মোহাম্মদ টি হোসেন তাঁর ব্যবস্থাপত্রে নিবন্ধন নম্বর উল্লেখ করছেন। এ ব্যাপারে তিনি প্রথম আলোকে জানান, কোনো ওষুধের দোকান কিংবা চেম্বারে রোগী দেখার সময় অবশ্যই চিকিৎসককে তার বিভিন্ন সনদের কপি রাখতে হবে। এতে চিকিৎসকের প্রতি রোগীর আস্থা বেড়ে যায়। এমনকি ব্যবস্থাপত্রে নিবন্ধন সংখ্যা থাকলে তো আরও ভালো হয়। প্রকাশিত সংবাদের কারণে সচেতনতার ব্যাপারে তিনি বলেন, প্রথম আলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে কিছু ভুয়া চিকিৎসক রোগীদের জীবন নিয়ে জুয়া খেলছে।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম নগরীর পাশাপাশি আনোয়ারার বিভিন্ন স্থানেও দীর্ঘদিন ধরে কয়েকজন ভুয়া চিকিৎসক রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাদের নেই কোনো পেশাগত ডিগ্রি কিংবা সনদ। কিন্তু রোগীদের সরলতা ও দুর্বলতার সুযোগে তারা দীর্ঘদিন ধরে নামসর্বস্ব প্যাড ব্যবহার করে বিভিন্ন ডিগ্রি দেখিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন সুকৌশলে।আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকের উচিত রোগীদের কাছে তার সম্পর্কে সঠিক তথ্যটা জানিয়ে দেওয়া।’ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, আনোয়ারায় ভুয়া চিকিৎসক নির্মুলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযান পরিচালনা করা হবে।