মেডিকেল কলেজের শিক্ষার্থী মানেই শুধু মানবদেহ, হাড়, কঙ্কাল, কাটা-ছেঁড়া, ওষুধপত্র আর পরীক্ষা নিয়ে ব্যস্ততা! এমনটা ভাবা মোটেও উচিত নয়। তাঁদের মাঝেও বসে নির্মল আড্ডার আসর। সম্প্রতি যশোর মেডিকেল কলেজের গ্রন্থাগার মিলনায়তনে মিলল তারই প্রমাণ। এখানে এক প্রাণবন্ত আড্ডা জমিয়েছেন বেশ কজন শিক্ষার্থী। দূর থেকেই শোনা যাচ্ছিল ‘আমি বাংলার গান গাই...।’ কাছে গিয়ে জানা গেল, যিনি গাইছিলেন তাঁর নাম ইরিনা বিনতে গিয়াস। পড়ছেন প্রথম বর্ষে। ইরিনার গান থামতেই কে বি এম আহমাদ সৈকত কণ্ঠ একটু ভরাট করার চেষ্টা করে শুরু করলেন আবৃত্তি ‘তুমি কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা...।’ আবৃত্তি শেষ হতে না হতেই তুমুল করতালি। বোঝা গেল, আবৃত্তিতে বেশ দখল আছে এই হবু ডাক্তারের!ক্লাসের ফাঁকে এমন আড্ডা বসে নিত্যই। তা ছাড়া সপ্তাহের শেষ দিন প্রতি বৃহস্পতিবার বন্ধুরা মিলে কোথাও না কোথাও থেকে বেড়িয়ে আসা হয়—তথ্যটি জানালেন ইরিনার বন্ধু আফসানা ইয়াসমিন। তবে ভাবার কারণ নেই যে এই হবু ডাক্তারদের স্বপ্ন-সাধ কেবল গল্প-আড্ডা আর ঘুরে বেড়ানোর মাঝেই সীমাবদ্ধ।তাঁরাও স্বপ্ন দেখেন দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করার। যেমনটা বলছিলেন আফসানা ইয়াসমিন, ‘একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক হতে চাই। আর নিবেদিতপ্রাণ চিকিৎসক হয়ে মানবসেবা করতে চাই।’আড্ডায় যোগ দেওয়া মেহেদী হাসানের বাড়ি কুমিল্লায়। কুমিল্লার আশপাশে কোনো মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু মেধাতালিকা তাঁকে যশোর মেডিকেল কলেজে পাঠিয়ে দিল। মেহেদী হাসান বলেন, ‘এই মেডিকেল কলেজে ভর্তির পর প্রথম প্রথম একটু খারাপই লাগত। কিন্তু এখন মনে হয়, এখানে পড়তে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের। কারণ, এ কলেজের শিক্ষকদের আন্তরিকতা ও পাঠদানপদ্ধতি অত্যন্ত ভালো। নতুন স্থাপিত হলেও কলেজের গবেষণাগারে যথেষ্ট যন্ত্রপাতি ও গ্রন্থাগারে পর্যাপ্ত বই রয়েছে।’তবে মেহেদীর মতো সবাই আত্মতৃপ্ত নন। একটু-আধটু ক্ষোভের আভাস মিলল কারও কারও কণ্ঠে। নিজস্ব ক্যাম্পাসে না যাওয়া পর্যন্ত উচ্চশিক্ষায় পড়ার মজা পাওয়া যাচ্ছে না। তাই যত দ্রুত সম্ভব একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ করা উচিত। বলছিলেন আড্ডায় যোগ দেওয়া বেশ কজন শিক্ষার্থী।এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ এনায়েত করিম বলেন, ‘যশোর মেডিকেল কলেজ মাত্র বছর দুয়েক আগে স্থাপিত হয়েছে। ইতিমধ্যে অবকাঠামোগত অনেক উন্নতিও ঘটানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই আমরা নতুন ক্যাম্পাসে ফিরে যেতে পারব।’ তাঁর কাছ থেকে আরও জানা গেল, কলেজ ক্যাম্পাস স্থাপনের জন্য যশোর সদর উপজেলার বিল হরিনায় ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে সেখানে একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের কার্যক্রম চালানো হচ্ছে। কলেজের মৌলিক বিষয়ে পাঁচজন, ক্লিনিক্যাল বিষয়ে আটজন ও প্রভাষক পদে ইতিমধ্যে ১৭ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক দুটি ভবন ভাড়া করে মেটানো হচ্ছে ছাত্রছাত্রীদের আবাসন সমস্যা।