রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ দুজন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসক ৪৫ দিনের ছুটি নিয়েছেন। আর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দাপ্তরিক কাজে প্রায় সময় বাইরে থাকতে হয়। এ কারণে চিকিৎসকবিহীন অবস্থায় চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। এতে প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নয়টি পদ রয়েছে। এর মধ্যে একজন মেডিসিন ও একজন সার্জারি কনসালট্যান্ট, একজন অবেদনবিদ, একজন আবাসিক চিকিৎসক, একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন ডেন্টাল সার্জন, একজন গাইনি চিকিৎসক ও তিনজন চিকিৎসকের পদ রয়েছে। এসব পদের মধ্যে কেবল একজন গাইনি চিকিৎসক এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন। তাঁদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খিসা দাপ্তরিক কাজে বাইরে রয়েছেন। আর গাইনি চিকিৎসক দিলারা পারভিন গত ২৫ আগস্ট ৪৫ দিনের জন্য ছুটি নিয়েছেন। গত রোববার সকাল সাড়ে নয়টা থেকে ১২টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে দেখা যায়, বহির্বিভাগের অর্ধশতাধিক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় বসে আছেন। জরুরি বিভাগে ১৩ জন রোগী রয়েছেন। অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই জেনে ফিরেও গেছেন। তবে কেউ কেউ উপসহকারী চিকিৎসকের (সাকমো) কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
উপজেলা সদর থেকে আসা মো. মাহবুব বলেন, অনেক রোগী চিকিৎসক না থাকায় ফিরে গেছেন। অনেকে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দুপুর পর্যন্ত চিকিৎসকের জন্য অপেক্ষা করেছেন। সপ্তাহে পাঁচ দিন চিকিৎসক থাকেন না। বাঘাইছড়ি ইউনিয়নে নবছড়া গ্রামের ঝন্টু চাকমা বলেন, ‘আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিন ঘণ্টা হেঁটে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। কিন্তু কোনো ফল হয়নি। চিকিৎসক না থাকায় চিকিৎসা ছাড়া চলে যেতে হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খিসা প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চলছে। আমিসহ মাত্র দুজন চিকিৎসক রয়েছেন। আমাকে বিভিন্ন সভা ও দাপ্তরিক কাজে রাঙামাটি-চট্টগ্রাম যেতে হয়। গাইনি চিকিৎসক ৪৫দিনের ছুটি নিয়েছেন। সে জন্য ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসক এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের বিষয়ে আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।’