কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে তিন সপ্তাহ ধরে তালা ঝুলছে। স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসকসহ ছয়জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে কাগজে–কলমে দুজন কর্মরত আছেন। তাঁরা না আসায় খুলছে না তালা। ফলে এই ইউনিয়নের ৩৫ হাজার বাসিন্দা গ্রাম্য চিকিৎসকের কাছে যেতে বাধ্য হচ্ছেন।
৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় আবুল হাসেম (৩৪), নুরুল আমিনসহ (৪৫) বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, গত ২২ জানুয়ারি থেকে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলছে। চিকিৎসক–কর্মচারীরা কর্মস্থলে না আসায় খুলছে না তালা। প্রতিিদন হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক, একজন উপসহকারী চিকিৎসক (চাকমো), একজন ফার্মাসিস্ট, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, একজন নিরাপত্তা প্রহরী ও একজন আয়া থাকার কথা। এর মধ্যে দীর্ঘদিন ধরে চাকমো, ফার্মাসিস্ট, নিরাপত্তা প্রহরী ও আয়ার পদটি খালি। গত বছরের আগস্ট মাসে নিয়োগ পাওয়া চিকিৎসক মো. মহিউদ্দিন মাজেদ ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কাজরী সরকার বর্তমানে কর্মরত আছেন।
কর্মস্থলে চিকিৎসক না যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী বলেন, ‘গত বছরের আগস্ট মাসে ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হিসেবে মো. মহিউদ্দিন মাজেদকে নিয়োগ দেওয়া হয়। এরপর তিন মাস তিনি কর্মরত ছিলেন। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে তিনি প্রশিক্ষণে ছিলেন। চলতি মাস থেকে তাঁর কর্মস্থলে যাওয়ার কথা। কিন্তু তিনি নিয়মিত যান কি না, সে ব্যাপারে আমার জানা নেই। স্বাস্থ্যকেন্দ্রটিতে যে তালা ঝুলছে, এ তথ্যও কেউ আমাকে জানায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’
তবে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝোলার বিষয়টি স্বীকার করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছেরাজ আহমদ। তিনি বলেন, ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কাজরী সরকার বর্তমানে প্রশিক্ষণে আছেন। এ কারণে তিনি কর্মস্থলে যেতে পারছেন না।
অপর দিকে, কর্মস্থলে নিয়মিত না যাওয়া কথা স্বীকার করেছেন ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মো. মহিউদ্দিন মাজেদ। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘আমি দুই মাস প্রশিক্ষণে ছিলাম। এর পর চলতি মাসের এক তারিখ থেকে আমার কাজে যোগ দেওয়ার কথা। তবে আবাসন সুবিধা না থাকায় আমাকে কক্সবাজার থেকে যাতায়াত করতে হয়। ফলে কর্মক্ষেত্রে পেঁৗছাতেই দুপুর দুইটা পার হয়ে যায়। এ কারণে রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, জীর্ণ ভবনে আসবাবপত্রের সংকট রয়েছে। নেই থাকার জায়গা। ভবন সংস্কার করলে এবং আবাসন সুবিধা দিলে স্বাস্থ্যকেন্দ্র সচল রাখা সম্ভব।
সুতরিয়া এলাকার বাসিন্দা রবি আলম আট দিন ধরে জ্বরে ভুগছেন। ধলঘাটা স্বাস্থ্যকেন্দ্রে কয়েকবার গিয়েও চিকিৎসকের দেখা পাননি। তিনি বলেন, ‘কী হয়েছে বুঝতে পারছি না। স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় ডাক্তার দেখাতে পারি না। কখন খুলবে তাও জানি না।’