চিকিৎসা নেই, বছরে খরচ ৩ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগ নিরূপণের যন্ত্রপাতি আছে। আছে সব রকমের চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত নার্স, প্যাথলজিক্যাল টেকনিশিয়ান ও প্রশাসনিক জনবলও। কিন্তু কোনো চিকিৎসক না থাকায় অন্তর্বিভাগে (ইনডোর) চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। বহির্বিভাগেও উপযুক্ত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিকভাবে চিকিৎসা কার্যক্রম না চললেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পানি-বিদ্যুৎ খাতে প্রতিমাসে ২৫ লাখ টাকা হিসেবে বছরে খরচ হচ্ছে তিন কোটি টাকা। চিকিৎসাসেবায় দুরাবস্থার এ চিত্র সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ পরিচালিত মেমন মাতৃসদন শিশু হাসপাতালের (ইউনিট-২)। গত বছর ১৪ এপ্রিল সাবেক মেয়র এ বি এমমহিউদ্দিন চৌধুরী ১০০ শয্যার এ হাসপাতাল উদ্বোধন করেন। ১৭ এপ্রিল দুপুর ১২টায় আলকরণ গলির পশ্চিম পাশে অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করে দেখা যায়, অন্তর্বিভাগে চিকিৎসা কার্যক্রম নেই। নার্সরা (সেবিকারা) নিজ নিজ কক্ষে বসে আছেন। প্রশাসনিক বিভাগের লোকজনও ব্যস্ত গল্পগুজবে। বিভিন্ন কক্ষে দেখা যায়, চিকিৎসা সরঞ্জাম ও রোগ নিরূপণ যন্ত্রপাতিগুলো পড়ে আছে। দোতলায় বহির্বিভাগে গিয়ে দেখা মেলে গাইনি (প্রসূতি) চিকিৎসক সাবিনা ইয়াসমিন ও শিশু বিশেষজ্ঞ আশিষ চৌধুরীর। প্রায় এক ঘণ্টা অবস্থান করে বহির্বিভাগে কোনো রোগী আসতে দেখা যায়নি। জানতে চাইলে বহির্বিভাগের চিকিৎসক আশীষ চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারব না। নীতি নির্ধারকেরাই ভালো বলতে পারবেন।’ সূত্র জানায়, হাসপাতালের অভ্যন্তর ও বহির্বিভাগে ২০ জন চিকিৎসকের প্রয়োজন। হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার্স ইনচার্জ) আসিফ খান বলেন, ‘উদ্বোধনের আগে সরকারের বেতন কাঠামো অনুযায়ী ২০ জন চিকিৎসা কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও এ বেতনে চাকরি করতে অনেকেই আগ্রহ দেখাননি। ফলে চুক্তিভিত্তিক সাত-আটজন চিকিৎসা কর্মকর্তা নিয়োগের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম চালু করা হয়। এ ছাড়া দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয় চুক্তিভিত্তিক।সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালটি উদ্বোধনের পর মাস দুয়েক বহির্বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা কার্যক্রম চললেও বর্তমান মেয়র মনজুর আলম দায়িত্ব নেওয়ার পর হঠাৎ এসব চিকিৎসককে অন্যত্র বদলি করে দেন। ফলে বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম ভেঙে পড়ে। তবে বর্তমানে একজন মহিলা ও একজন পুরুষ চিকিৎসক দিয়ে বহির্বিভাগে আসা রোগীদের সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘চিকিৎসক না থাকলেও নার্স-টেকনিশিয়ান ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ২০ লাখ টাকা প্রতিমাসে খরচ হচ্ছে। এ ছাড়া, পানি, বিদ্যুৎ ও অন্যান্য খাতে মাসে খরচ হচ্ছে পাঁচ-ছয় লাখ টাকা। প্রশাসনিক দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, হাসপাতালটির ভবন নির্মাণ খাতে ব্যয় হয়েছে চার কোটি টাকা। রোগ নিরূপণের জন্য কেনা দুই কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে হাসপাতালের বিভিন্ন কক্ষে। জানা যায়, একমাস আগে সিটি মেয়র মনজুর আলম এ হাসপাতালটিকে আরও উন্নয়নের মাধ্যমে ‘সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে’ রূপান্তরের ঘোষণা দেন। সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘বর্তমান মেয়র হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু করার ব্যাপারে আন্তরিক। তবে চিকিৎসকসংকট দূর না করে এটিকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা সম্ভব হবে কি না সন্দেহ রয়েছে।’ এ বিষয়ে সিটি মেয়র মনজুর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে চাননি। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার জানান, হাসপাতালে পূর্ণাঙ্গরূপে চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে ১৩ জন চিকিৎসা কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।