চিকিৎসা সহায়ক তথ্য দিচ্ছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অনেক মানুষের জটলা। যে যার মতো ছুটছে, কেউ কারও দিকে তাকানোর ফুরসত নেই। ভেতরে ঢুকতেই দেখা গেল কয়েকজন মানুষ এদিক-সেদিক তাকাচ্ছেন। দেখেই বোঝা যায়, তাঁরা ঢাকা শহরে নতুন। তাঁদের সাহায্য করতে একদল তরুণ এগিয়ে এলেন এবং তাঁদের গন্তব্য দেখিয়ে দিলেন। এভাবেই হাজারো মানুষকে তথ্য দিয়ে সহায়তা করছেন এই তরুণেরা। কারা এই পরোপকারী বন্ধু? সে কথাই বলছি আপনাদের।এই তরুণদের দল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। লেখাপড়ার ফাঁকে ফাঁকেই তাঁরা সাধারণ মানুষের পাশে দাঁড়ান নানা সেবামূলক কাজ করার মধ্য দিয়ে। এই তরুণদের সংগঠনের নাম হলো ‘ঢাকা ইয়েস’। ইয়েস এর সম্পূর্ণ রূপ হলো—‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট’। স্বেচ্ছাসেবী এ সংগঠনকে সহায়তা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।ঢাকা ইয়েসের একটি দল কাজ করছে ঢাকা মেডিকেল কলেজের সামনে। তথ্য জানার অধিকার সবারই আছে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিনিয়ত যেসব লোকজন চিকিৎসার জন্য আসছে, তার একটি বড় অংশ বিভিন্ন তথ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানে না বা সচেতন নয়। এই দিকটিকে প্রাধান্য দিয়ে ঢাকা ইয়েস দলের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে পরিচালনা করে আসছেন ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক কার্যক্রম। এর ফলে এই হাসপাতালের বহির্বিভাগে কী ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যায়, সে সম্পর্কে মানুষের সচেতনতা সৃষ্টি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তৎপরতা নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এই সংগঠনটি এখানে এ পর্যন্ত ৩৫টি ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক কার্যক্রম পরিচালিত করেছে।এক সপ্তাহ পরপর দুই দিন করে তারা এখানে এসে সবাইকে তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করছে। এ ছাড়া হাসপাতালে মানুষের ভোগান্তি কমাতেও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নানা পরামর্শ দিয়ে থাকে এ সংগঠনটি। পাশাপাশি বিভিন্ন প্রতিবেদন তৈরি করে কর্তৃপক্ষকে সহায়তা করছে। এতে বিভিন্ন সময় বহির্বিভাগের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা বৃদ্ধি হয়েছে। টিকিট কাউন্টার, ওষুধ কাউন্টার, পরীক্ষাকেন্দ্রের অবস্থান প্রভৃতি যাতে সহজে খুঁজে বের করতে পারে, সে জন্য সাইনবোর্ড স্থাপন, অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন করা, হাসপাতালে কোন কোন ওষুধ বিনা মূল্যে পাওয়া যায় তার তালিকা প্রকাশ করা, সিটিজেন চার্টার প্রকাশ প্রভৃতি সুপারিশ করে ঢাকা ইয়েস।এ ছাড়া ঢাকা ইয়েস একটি লিফলেট তৈরি করেছে। এতে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের বিভিন্ন ওয়ার্ডের অবস্থান, চিকিৎসাকেন্দ্র, পরীক্ষাকেন্দ্র, বিভিন্ন সেবা ও এর মূল্যতালিকা, অ্যাম্বুলেন্স-সেবাসহ সব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যা দেখে একজন মানুষ খুব সহজেই বহির্বিভাগে নিজের প্রয়োজনীয় সেবা পাবে।এই সংগঠনের একজন স্বেচ্ছাসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মৌসুমী মান্নান। তিনি বলেন, ‘মানুষের সেবা করা যায়, এমন একটি কাজ করার সুযোগ খুঁজছিলাম। ঢাকা ইয়েসে এসে সেই সুযোগ পেয়েছি। এর মাধ্যমে মানুষকে সেবা করার যে সুযোগ পেয়েছি, তা আমার কাছে অনেক বড় পাওয়া।’সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল হাসান এবং ইউডার শিক্ষার্থী কিশোর কুমারও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ঢাকা ইয়েসের এই দলে। তাঁরা জানান, এ কাজের মাধ্যমে সাধারণ মানুষকে তথ্য-সহায়তা দিতে পেরে খুবই ভালো লাগছে।টিআইবির আউটরিস ও কমিউনিকেশন বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক আতিয়া আফরিন জানান, সবাই যাতে খুব সহজে বহির্বিভাগের সব তথ্য জানতে পারে, তার জন্যই আমাদের এ প্রচেষ্টা। আর আমাদের কাজের সহায়তা করার জন্য এখানকার কর্তৃপক্ষও বেশ আন্তরিক। তাই কাজ করতে পারি সহজেই।একটা নির্দিষ্ট দিন পরপর ঢাকা ইয়েসের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ থেকেই বেরিয়ে আসে বিভিন্ন সমাধান। ঢাকা ইয়েসের কার্যক্রম সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বলেন, ‘ঢাকা ইয়েস তথ্য ও পরামর্শ দিয়ে সাধারণ মানুষের যে সাহায্য করছে, তা সত্যিই প্রশংসনীয়। ঢাকা ইয়েসের অনেক পরামর্শই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এতে কর্তৃপক্ষের কাজ করা অনেক ক্ষেত্রেই বেশ সুবিধা হচ্ছে। রোগীরাও উপকৃত হচ্ছে।’