
জীর্ণ ভবন। খসে পড়ছে পলেস্তারা। পানি পড়তে পড়তে দেয়ালে জমেছে শেওলা। এ চিত্র খাগড়াছড়ি জেলার দীঘিনালার তারাবুনিয়া কমিউনিটি ক্লিনিকের। কবাখালী ইউনিয়নের অাওতাধীন এই চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন সেবা নিতে আসেন গড়ে ৫০ থেকে ৬০ জন।
সরেজমিনে দেখা গেছে, চিকিৎসাকেন্দ্রটির এখন মরণদশা। স্যাঁতসেঁতে ভবনে বসার কোনো পরিবেশ নেই। তার পরও চিকিৎসাসেবা নিতে ভিড় জমে মানুষের।
কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নবারুন জ্যোতি দেওয়ান বলেন, আমরা কোনো রকমে বসে দায়িত্ব পালন করছি। পলেস্তারা খসে ইট বের হয়ে এসেছে। বৃষ্টি হলে কাগজপত্র ভিজে যায়। ভবনগুলো জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।
তারাবুনিয়া ছাড়াও আরও আটটি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলছে জরাজীর্ণ ভবনে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত ১৯৯৭-৯৮ সালে নয়টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। চলতি বছরে আরও পাঁচটি কমিউনিটি ক্লিনিক চালু হয়। এদিকে ১৯৯৭-৯৮ সালে নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলোতে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু হয়। সাত বছর কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ে। নতুন করে কমিউনিটি ক্লিনিক চালু হলেও ভবনগুলো সংস্কার করা হয়নি। এ ছাড়া ওষুধ বরাদ্দও অপ্রতুল। নয়টি ক্লিনিকের জন্য বরাদ্দ করা ওষুধ ভাগ করে দেওয়া হচ্ছে ১৪টিতে।
সরেজমিনে সুধীর মেম্বারপাড়া এলাকার জামতলী কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা ও শৌচাগার।
কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শারমিন আক্তার জানান, বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পানি পড়ে। শৌচাগার না থাকায় তাঁদের ও রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।
কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা নয়ন বালা ত্রিপুরা (৩৪), শাহানা বেগম (২৪), মর্জিনা বেগম (২০) ও সুমতি ত্রিপুরা (৩৫) বলেন, প্রায় সময় কমিউনিটি চিকিৎসা নিতে ক্লিনিকে আসি। সেবা ভালো। কিন্তু বসার কোনো স্থান নেই।
কবাখালী ইউনিয়নের কৃপাপুর ক্লিনিকেও গিয়ে দেখা যায় একই অবস্থা। কমিউনিটি ক্লিনিকের দেয়ালে শেওলা জমেছে। পলেস্তারা খসে ইট বেরিয়ে এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুল গাফ্ফার বলেন, ‘উপজেলার নয়টি কমিউনিটি ক্লিনিক ভবন খুবই জরাজীর্ণ। আমি নিজে সবগুলো পরিদর্শন করেছি। কমিউনিটি ক্লিনিক ভবন সংস্কারের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে প্রতি মাসের সভায় আলোচনা করি। ভবনগুলো সংস্কার জরুরি হয়ে পড়েছে।’