বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মিত হয় ১৯৯৮ সালে। দেওয়া হয় ৩১ শয্যার হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। কিন্তু এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি হাসপাতালটি। বর্তমানে শুধু বহির্বিভাগের সেবা চালু আছে। তাও নামেমাত্র। দুই মাস ধরে চিকিৎসক নেই। একজন চিকিৎসা সহকারী সেবা দেন। এদিকে অন্তর্বিভাগ চালু না হওয়ায় মুমূর্ষু রোগীদের নিয়ে ছুটতে হয় জেলা সদরের হাসপাতালে।
স্থানীয় লোকজন জানান, ১৬ বছর ধরে এভাবে পড়ে আছে হাসপাতাল ভবনটি। চিকিৎসাসেবায় এটি তাঁদের কাজেই আসছে না। তাঁদের প্রশ্ন. সরকার এত টাকা খরচ করে ভবন নির্মাণ ও যাবতীয় সরঞ্জাম দিয়ে কী লাভ হলো?
সরেজমিনে দেখা গেছে, দুই তলার হাসপাতালে একটি কক্ষে এখন বহির্বিভাগের সেবা দেওয়া হয়। অন্তর্বিভাগের জন্য বরাদ্দ কক্ষগুলো খালি পড়ে আছে। এ ছাড়া রোগনির্ণয় পরীক্ষাগার, এক্স–রে যন্ত্র, দুটি বড় জেনারেটর, অস্ত্রোপচার কক্ষসহ সব রয়েছে। কিন্তু এগুলোর কোনো ব্যবহার হচ্ছে না। ফলে অব্যবহৃত পড়ে থেকে এসব সরঞ্জাম নষ্ট হওয়ার পথে। হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবনগুলোতেও ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। অবশ্য হাসপাতালে এখনো বিদ্যুৎ ও পানির সংযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবরাউল হাছান মজুমদার বলেন, থানচি বাজার এলাকার পানি সরবরাহব৵বস্থা হাসপাতাল পর্যন্ত সম্প্রসারণ করে জেলা পরিষদের মাধ্যমে হাসপাতালের অন্তর্বিভাগ চালু করা যায় কি না চেষ্টা করা হচ্ছে। সেটা করা সম্ভব হলে দরিদ্র রোগীরা কিছুটা চিকিৎসাসেবা পাবে। স্বাস্থ্য পরিদর্শক আক্তার আহমদ বলেন, এখানে দুই মাস ধরে চিকিৎসক নেই। বর্তমানে লামা, আলীকদমসহ বিভিন্ন উপজেলা থেকে পালাক্রমে একজন চিকিৎসা সহকারী পাঠিয়ে বহির্বিভাগ চালানো হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মচারী বলেন, চিকিৎসক তো নেই-ই। ১৮ জন কর্মাচরীকেও প্রেষণে জেলা শহরে কর্মহীন অবস্থায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন পাঁচজন সেবিকা, তিনজন পিয়ন, সাতজন স্বাস্থ্য সহকারী, দুজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও অফিস সহকারী একজন।
উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, ১৮ জন কর্মচারীর প্রেষণ বাতিল করে থানচিতে পাঠানোর জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে। পাঁচজন কর্মচারীর প্রেষণ প্রত্যাহারের কথা শোনা গেছে। কিন্তু এখনো একজন কর্মচারীও আসেননি।
বান্দরবানের সিভিল সার্জন মংতেঝ রাখাইন থানচিতে চিকিৎসক না থাকা ও অন্তর্বিভাগ চালু না হওয়ার কথা স্বীকার করে বলেন, বর্তমানে একজন চিকিৎসা সহকারীকে সার্বক্ষণিকভাবে রাখা হয়েছে। প্রেষণে থাকা কর্মচারীদের মধ্যে পাঁচজনের প্রেষণ বাতিল করে থানচিতে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর হাসপাতালের অন্তর্বিভাগ চালু করার চেষ্টা করা হচ্ছে।