চিকিৎসাসেবা পায় না সাজেকের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের পাঁচ হাজারের বেশি শিশু চিকিৎসাসেবা পায় না। এসব গ্রামে গত এক বছরে বিনা চিকিৎসায় কমপক্ষে ২০টি শিশু মারা গেছে। এর মধ্যে বিভিন্ন রোগে ১৫ জন ও ম্যালেরিয়ায় মারা গেছে পাঁচজন। তাদের বয়স চার থেকে ১০ বছরের মধ্যে। ইউনিয়ন পরিষদের করা জরিপে উঠে এসেছে এই চিত্র।ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেকের এসব গ্রামে যোগাযোগের কোনো সড়ক নেই। হাটবাজারে আসতে সময় লাগে দুই থেকে তিন দিন। সেখানে চিকিৎসক যাওয়া দূরে থাক, একটি ওষুধের দোকান পর্যন্ত নেই।কেউ অসুস্থ হলে ভরসা স্থানীয় ওঝা ও বৈদ্য। ওষুধ বলতে বনের লতা-পাতা। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ শিশু অপুষ্টিতে ভুগছে। থাংজাং গ্রামে কথা হয় কয়েকজন শিশুর সঙ্গে। তারা কেউই বিদ্যালয়ে যায় না। গত বছর এই গ্রামের বিজয় চাকমা নামের এক শিশু মারা গেছে।চাদারাঢালা গ্রামপ্রধান ধনু রাম চাকমা জানান, ২০ থেকে ৩০ বছর আগে পাহাড়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে উদ্বাস্তু হয়ে এখানে বসতি গড়ে পরিবারগুলো। উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন এসব গ্রাম।এখানে কোনো দিন চিকিৎসক আসেননি। বনের লতা-পাতা ও স্থানীয় ওঝা-বৈদ্য একমাত্র ভরসা। সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ইউনিয়নে অর্ধশতাধিক গ্রামে কমপক্ষে পাঁচ হাজারের বেশি শিশু রয়েছে। তারা কোনো শিক্ষা ও চিকিৎসাসেবা পায় না। ইউনিয়নেও শিশুদের চিকিৎসার জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। তার পরও আমরা মাসে অন্তত একবার চিকিৎসাশিবির করার উদ্যোগ নিচ্ছি।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সৈয়দ আরিফ উদ্দিন বলেন, ‘যোগাযোগব্যবস্থা না থাকায় গ্রামগুলোতে চিকিৎসক যাওয়া সম্ভব হয় না। তবে আমাদের মাঠকর্মীরা দুর্গম গ্রামে যান।’এ ছাড়া কয়েক বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএনডিপির যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসাশিবির করা হচ্ছে।’