চিকুনগুনিয়া এসেছে
আমাদের বাসায় তিনজন সদস্য। কিন্তু তিনজন তিন রকম। কারও সঙ্গে মিল নাই কারও। যেমন:
আমার ধারণা, লেখাপড়া করার কোনো মানে নেই, সময় নষ্ট।
বাবার ধারণা, অন্যান্য সবকিছুর পাশাপাশি কষ্ট করে হলেও লেখাপড়াটা করা দরকার।
আম্মার ধারণা, লেখাপড়াই জীবন। লেখাপড়া ছাড়া জীবন অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। লেখাপড়া করো, জীবন গড়ো।
খাবার বিষয়েও কোনো মিল নেই আমাদের। আমার পছন্দ আলু, আম্মার মাছ আর বাবার সবজি-ডাল।
কিন্তু এই প্রথম একটা ব্যাপারে দারুণ মিল লক্ষ করলাম আমি। ঈদের ছুটিতে আমরা তিনজনই একসঙ্গে আপন করে নিয়েছি এখনকার জনপ্রিয় রোগ চিকুনগুনিয়াকে। প্রথমে আম্মা, তারপর বাবা এবং সবশেষে আমি। যাকে বলে একেবারে থ্রিকুনগুনিয়া।
আমাদের বাসা একতলায়। মশার সরবরাহ প্রচুর। তার ওপর পুরো বিল্ডিংয়ের সব ফ্ল্যাটে কমপক্ষে একজন করে চিকুনগুনিয়ার রোগী আছে। আমাদের না হলে খারাপ দেখায়, তাই তিনজন মিলে ম্যানেজ করে ফেললাম। সেদিন দেখি একটা সাদা-কালো ডোরাকাটা মশা আমাকে কামড় দিয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারও প্রায় তিন দিন পর শুক্রবার দিবাগত রাতে আমি বরণ করে নিলাম রোগটাকে। রোগটা বেশ অদ্ভুত। জ্বর তো আছেই, সঙ্গে আছে তীব্র ব্যথা। গায়ে গুটি গুটি, স্মার্টরা বলে র্যাশ। আর ব্যথাও সেই রকম। ক্যানভাসারের ভাষায় বলতে গেলে, গিরায় গিরায়, শিরায় শিরায় ব্যথা। নড়াচড়া করলেই জেমসের গানটা মনে পড়ে, ‘সিনায় সিনায় লাগে টান...সিনায় সিনায়...।’ অন্যান্য রোগে জ্বর কেটে গেলে ব্যথাও কেটে যাবে, কিন্তু চিকুনগুনিয়ার ভাবই আলাদা। জ্বর যায়, ব্যথা থাকে।
তবে আমার চিকুনগুনিয়াটায় মনে হয় ভেজাল আছে। র্যাশ নেই, হাত পা-ও ফোলেনি। সবার জ্বর কমে যায়, ব্যথা থাকে; আমার জ্বরই কমে না। জিহ্বার টেস্ট স্ট্যাটাসও চলে গেছে। যা খাই সবই তিতা লাগে। এই সুযোগে আম্মা দোকান থেকে যে অদ্ভুত ব্র্যান্ডের স্যুপগুলো ফ্রি পেয়েছিল, সেগুলো কাজে লাগছে।
যাহোক, আমার বন্ধুরা যারা বলে, আমি নতুন ট্রেন্ডের সঙ্গে মানিয়ে নিতে পারি না, তাদের জন্য এটা একটা জবাব। আমিও ট্রেন্ডি। অন্তত এই ক্ষেত্রে। আর কী লিখব...ও, ভালো কথা! মাথার ভেতর বেবি নাজনীনের কণ্ঠ বাজে প্রায়ই, তীক্ষ্ণ কণ্ঠ—
লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে
না গো না, চাঁদ নয়, চিকুনগুনিয়া এসেছে।
(এটা লেখকের সত্যি গল্প। তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী। সবার দোয়াপ্রার্থী।)