ভারতের ব্যবস্থাপনা–বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, রাঁচি (আইআইএম) এবং নগরের চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) মধ্যে শিক্ষা ও গবেষণা–সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি সিআইইউর জামালখান ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার এবং সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। এর ফলে চট্টগ্রামের সিআইইউ এবং আইআইএম রাঁচির মধ্যে পারস্পরিক সহযোগিতার পথ উন্মুক্ত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউর মার্কেটিং বিভাগের মাহমুদ হাসান, ফিন্যান্স বিভাগের প্রধান সৈয়দ মনজুর কাদের, ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের প্রধান রশিদ এ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
প্রাইম ব্যাংক ইয়াং টাইগারর্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুল
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলায় চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুল। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুলিশ লাইনস স্কুল ৫১ রানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ ওহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন প্রমুখ।—খাগড়াছড়ি প্রতিনিধি