কাজী জহিরুল ইসলামসম্পর্ক একটি ঘরের মতো। দেয়ালের রং সবুজ। সিলিংটা নীল। চারপাশের দেয়ালজুড়ে বড় বড় জানালা। কাচের ওপাশে আকাশের উদারতা। একসময় সম্পর্কের বয়স বাড়ে। সময়ের ধুলো পড়ে জানালার কাচে। উদারতা ঝাপসা হয়ে আসে। প্রতিদিনের আটপৌরে কথার ঝুল জমতে থাকে সিলিংয়ের নীলে। দেয়ালের সবুজে। রুটিনের ভারে স্থূল হয়ে যাওয়া সম্পর্ক একসময় মুখ থুবড়ে পড়ে। আমাদের মাঝখানে বহমান সমুদ্র। অবধারিত দূরত্ব ধারালো ছুরির মতো অনবরত কেটে দিচ্ছে প্রতিদিনকার একঘেয়েমি। রোজ আমরা কথা বলি। ঘণ্টার পর ঘণ্টা। কখনো মুঠোফোনে, কখনো স্কাইপে, আবার কখনো আমাদের আঙুলগুলো ব্যস্ত হয়ে ওঠে কি-বোর্ডের বোতামে, মেতে উঠি ফেসবুক চ্যাটের কৈশোরিক উত্তেজনায়। কোনো রুটিন নেই আমাদের আলাপের। নেই কোনো হিসাব-নিকাশ। নিউইয়র্কের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি এক ফ্যাশনদুরস্ত বুড়ো ছেঁড়া জিনস পরে হাঁটছেন কনকনে শীতে। জিনসের ফ্যাশন ফুঁড়ে তাঁর লোলচর্ম হাঁটু বেরিয়ে আছে। তক্ষুনি মুঠোফোনের বোতাম টিপি। মুক্তি বলে, ‘হাউ সুইট’। ই-গভর্ন্যান্সের প্রজেক্ট নিয়ে বসেছি। টেবিল কাঁপিয়ে বেজে ওঠে মুঠোফোন। ‘শোনো, এক ব্রিটিশ বুড়ো আমাদের বাড়ির সামনে অনশনে বসেছে। কিছুতেই নড়ছে না।’‘তোমাকে প্রেম নিবেদন করেছে? এখনো করেনি।’ আমি বলি। তারপর যুগল হাসি। এসবই আমাদের আলোচনার বিষয়বস্তু। গতকাল লন্ডন থেকে লেখা মুক্তির চিঠি পেলাম। ২০১৩ সালের জানুয়ারি মাসে নিউইয়র্কের ঠিকানায় ডাকযোগে আসা হাতে লেখা চিঠি। দুটি মাত্র লাইন। একটি বাংলা আর একটি ইংরেজি। ‘তোমার সঙ্গে যুগল পথচলার আকুতি কখনোই শেষ হবে না—ইউ আর দ্যা মোস্ট ভ্যালুয়েবল অ্যাচিভমেন্ট অব মাই লাইফ।’ ব্যস, এটুকুই চিঠি। পেছন ফিরে তাকাই। ১৭টি বছর যেন কোনো এক অনিন্দ্যসুন্দর গ্রন্থের ১৭টি পৃষ্ঠা। তখনো ভোর হয়নি। সময়টা থেমে আছে দিন ও রাত্রির মাঝখানে। মুঠোফোনের শব্দ নেভানো, কম্পন থামানো। যখন ঘুম ভাঙে তখন ১৩টা। ১৩টা ব্যর্থ ডাক মুঠোফোনের পর্দায় আমাকে ভেংচি কাটছে। বোতাম টিপতেই ওপাশে মুক্তির অভিমানী কণ্ঠ। আমি ওকে মনে করিয়ে দিই, ‘তোমার না-হয় বেলা গড়ানো সময়, আমার তো ভোর। ঘুমোব না?’ ও হড়বড় করে কথা বলে, ‘একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে, জানো। সকালে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখি, উইন্ডশিন্ডে একটি মোড়ানো কাগজ। খুলে দেখি, মেয়েলি হাতের লেখা একটি চিঠি। চিঠিটা পড়ছি, কী লিখেছে শোনো।’ ‘আই অ্যাপোলোজাইস ফর দি...।’ আমি ওকে থামিয়ে দিই। ‘শোনো, তুমি এক কাজ করো, চিঠিটা বাংলায় অনুবাদ করে শোনাও।’ ‘বিপদে ফেললে তো, আচ্ছা ঠিক আছে। বলছি।’মুক্তি চিঠিটা পড়তে শুরু করে, ‘অনেক দেরিতে যোগাযোগ করার জন্য আমাকে ক্ষমা করবেন। আসলে এক মাস ধরে আমি আপনার গাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। আজ পেয়ে গেলাম। সেদিনও আপনি ঠিক এই জায়গাটাতে, ঠিক এভাবেই পার্ক করেছিলেন।’ ‘আচ্ছা শোনো, পার্ক করার বাংলা কী?’ আমি মাথা চুলকাই। ‘বিশ্রামের জন্য রাখা’। ‘না, এটা কোনো বাংলা হলো না।’ ‘এক কাজ করো, তুমি “পার্ক করা”তেই চালিয়ে যাও।’ মুক্তি আবারও পড়তে শুরু করে, ‘আজ থেকে প্রায় এক মাস আগে আমি আপনার গাড়িতে ধাক্কা লাগিয়ে দিই। আসলে আমার কিছু করার ছিল না। উল্টো দিক থেকে হঠাৎ একটি গাড়ি এত জোরে চলে আসে, আমি গলির মুখে ঢুকতে গিয়ে বেসামাল হয়ে পড়ি। নিচে আমার টেলিফোন নম্বর দিলাম। কষ্ট করে আমাকে একটা ফোন দেবেন। আপনার গাড়ির স্ক্র্যাচ সারানোর জন্য যা খরচ হবে আমি তা পরিশোধ করতে চাই। আশা করি, দায়মুক্তির এই সুযোগটা আমাকে দেবেন। শুভ সন্ধ্যা লারা।’ চিঠিটা পড়েই মুক্তি কিছুক্ষণ চুপ করে থাকে। আমিও চুপ। ওদের ভদ্রতার আসলেও কোনো তুলনা হয় না।নিউইয়র্ক১ ফেব্রুয়ারি, ২০১৩