চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তখন অষ্টম শ্রেণিতে পড়ি। ছাত্র হিসেবে তেমন সুবিধার ছিলাম না, কোনোমতে পাস করে যেতাম। তবে একটা জায়গায় বরাবরই প্রথম হয়ে এসেছি; তা হলো হাতের লেখা প্রতিযোগিতা। তখন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো, স্মৃতিশক্তি পরীক্ষা, হাতের লেখাসহ আরও অনেক মজার খেলার আয়োজন করা হতো। নিজের প্রশংসা করা উচিত নয়। তারপরও বলছি, আমার বয়সী ছেলেমেয়ের তুলনায় আমার হাতের লেখা যথেষ্ট সুন্দর ছিল।
সুন্দর হাতের লেখা শুধু পুরস্কারপ্রাপ্তি নয়, অর্থপ্রাপ্তিতেও সহায়ক ছিল। তখন মোবাইল, মেসেজ, ফেসবুক, টুইটার—এসব ছিল না। যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। অতি উৎসাহীরা চিঠির মাধ্যমে দীর্ঘ সম্পর্ক বজায় রাখত। পত্রমিতালি করা লোকজনই হয়ে উঠল আমার গুণের সমঝদার। তাদের চিঠি লিখে দিই আমি। বিনিময়ে নগদ টাকা, ঝালমুড়ি, চকলেট আর কত কী! অল্পদিনের মধ্যেই আমার হাত পেকে গেল। চিঠি লিখতে গিয়ে একবার ভীষণ বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম।
ফেব্রুয়ারি মাস। ভালোবাসা দিবস উপলক্ষে চিঠি লেখার ধুম পড়ে গেছে। নানা রঙের কার্ডে, কাগজে চিঠি লিখতে লিখতে দম ফেলার সময় পাচ্ছি না। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছি, এমন সময় পেছন থেকে কে যেন ডাকল। তাকিয়ে দেখি নীরব ভাই। আমার নিয়মিত খদ্দের। বললেন, ‘একটা চিঠি লিখতে হবে।’
বললাম, ‘কী লিখব?’
‘লিখবি, ১৪ ফেব্রুয়ারি সে যেন পদ্মার পাড়ে ঠিক ১০টার দিকে চলে আসে। নীল শাড়ি পরে আসতে লিখবি।’
এই বলে নীরব ভাই চলে গেলেন। আমিও চিঠির বিষয়বস্তু নোটবুকে লিখে বাড়ির দিকে হাঁটা দিলাম। মাঠ পেরিয়ে বাজারে ঢুকব, এমন সময় পেছন থেকে পাড়ার সজল ভাই ডাকলেন। কেন ডেকেছেন বুঝলাম। কাছে যেতেই বললেন, ‘কিরে, তোর তো দেখাই পাওয়া যায় না।’
কথাটা সত্যি। আমি ভয়ানক ব্যস্ত। মুচকি হেসে মাথা চুলকালাম। সজল ভাইও একটা চিঠি লিখতে বললেন। আগামীকালের মধ্যে চিঠি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি চলে এলাম।
পরদিন সকালে চিঠিগুলো নিয়ে বের হব, এমন সময় বাবার বজ্রহুংকার শোনা গেল, ‘সারা দিন শুধু টো টো করে ঘোরা, পড়াশোনা মাথায় উঠেছে। বাইরে গেলে ঠ্যাং ভেঙে ফেলব।’
কী আর করা। বিষণ্ন মুখে টেবিলে বসলাম। বিকেলে বাবা যখন তাস খেলতে পাশের বাড়ি গেলেন, আমিও সেই সুযোগে পগারপার। বাজারে আসতেই দেখি সজল ভাই চায়ের দোকানে বসা। আমাকে দেখেই দৌড়ে এলেন। বললেন, ‘এই তোর আসার সময় হলো। চিঠিটা দে।’
খাম আগেই তৈরি ছিল। আমার কাছ থেকে চিঠি নিয়েই পোস্ট অফিসের দিকে দৌড় দিলেন সজল ভাই। যাওয়ার আগে অবশ্য আমার পাওনা মিটিয়ে দিলেন। স্কুলমাঠে নীরব ভাইয়েরও একই অবস্থা। তিনিও চিঠি নিয়ে পোস্ট অফিসের দিকে ছুটলেন।
রোজগারের ভরপুর মৌসুম শেষে রমরমা অবস্থা। এমন সময় এক বিকেলে নীরব ভাই বাড়ি এসে হাজির। আমাকে বাইরে ডেকে নিয়ে বললেন, ‘সর্বনাশ হয়ে গেছে।’
আমি বললাম, ‘কী হয়েছে?’
নীরব ভাই বললেন, ‘আজ সকালে নীলার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলাম। ঠিকানা মিলছে না। আমি চিঠি পাঠাতাম দুর্গাপুর। কিন্তু ওর বাড়ি দেবপুর।’
অবাক ব্যাপার। হঠাৎ পুরো ঘটনাটা বুঝতে পারলাম আমি। ওই দিন সজল ভাইয়ের জন্যও একটা চিঠি লিখেছিলাম। সেখানে তাঁর পত্রমিতাকে পদ্মার পাড়ে আসার কথা লেখা ছিল হলুদ শাড়ি পরে। চিঠি দুটো বদলাবদলি হয়ে গেছে। কী সর্বনাশ!
উত্তরা, ঢাকা।