
চিঠি জিনিসটা আমার জন্য খুব একটা সুখকর অভিজ্ঞতা কখনোই নিয়ে আসেনি। যখন অনেক ছোট ছিলাম, আমার খালামণি এলাকার অনেক মানুষের চিঠি লিখে দিতেন। আমি অবাক হয়ে দেখতাম চিঠি কেবল অভাব, না–পাওয়া, হতাশা বহন করে নিয়ে যায়। সুখ খুব কমই বহন করে। হয়তো সুখ বহন করার মতো ক্ষমতাটাই চিঠির নেই। অনেক বছর হলো খালামণি কারও জন্যই চিঠি লেখেন না। সংসার নিয়ে ভীষণ ব্যস্ত। খালামণির বিয়ের পর আমার কাছে এই একটা কারণেই খুশি লেগেছিল যে এখন থেকে খালামণিকে আর কারও হতাশার কথা, না–পাওয়ার কথা, অভাবের কথা লিখতে হবে না।
এরপর ব্যবসায় লোকসান দিয়ে অনেক ঋণী হয়ে বাবা দেশের বাইরে গেলেন। প্রতি মাসে বাবা একটা করে চিঠি পাঠাতেন, সঙ্গে একটা ব্যাংক ড্রাফট। ছোট কাকা কখনো মন্তু পিয়নের কাছ থেকে নিজে গিয়ে নিয়ে আসতেন, কখনো বা মন্তু পিয়ন আমাদের বাড়িতে দিয়ে যেতেন চিঠি, সঙ্গে কিছু টাকাও দিয়ে যেতেন। ছোট কাকা চিঠি পড়তেন বাকিরা কাঁদত। আমার ছোট কাকা, যাঁকে আমরা সবাই ভীষণ ভয় পেতাম, যাঁকে আমি পৃথিবীর শক্ত মানুষদের একজন ভাবতাম, আমাকে অবাক করে দিয়ে ছোট কাকার চোখ দিয়েও পানি পড়ত। ব্যাংক ড্রাফটটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম টাকার চেয়েও কীভাবে এতটা শক্তিশালী হয় একটা চিঠি!
মন্তু পিয়নকেও আমার ভালো লাগত না। মনে হতো লোকটা খুব খারাপ, উনি এসে হেসে হেসে খুশির খবর আছে বলে টাকা নিতেন কিন্তু আমি কারও মাঝে খুশি দেখতাম না।
তারপর আমাদের সেই খারাপ সময়ও কেটে গেল। ছোট কাকা ঢাকায় চলে আসায় আমি ছোট কাকার ব্যবহৃত সবকিছুর দখল পেয়ে গেলাম। তখন বেশ বড় হয়ে গেছি। স্কুল শেষ করে কলেজে উঠেছি। একদিন আলমারির ড্রয়ারে অনেকগুলো চিঠি আবিষ্কার করি, পাশের বাড়ির এক আন্টি লিখেছিলেন ছোট কাকাকে। সেই প্রথম আমি চিঠিতে স্বপ্ন আঁকা থাকতে দেখেছি। সেই প্রথম চিঠি পড়ে আমি কখনো খিলখিলিয়ে কখনো মুচকি হেসেছি। বুঝেছি সাদা কাগজের ওপর কালো কালির আঁকিবুঁকি কেবল হাতাশা না, একরাশ ভালো লাগা, অনেকগুলো স্বপ্নের জন্ম দিতে পারে। এই ভালো লাগাটাও বেশি স্থায়ী হয়নি। শেষের দিকে আস্তে আস্তে আবারও ওনার চিঠিতে হতাশা আসতে শুরু করে। আস্তে আস্তে চিঠিতে কম্প্রোমাইজ আর মানিয়ে নেওয়ার চর্চা শুরু হয়। আমার চিঠির দুনিয়া আবারও হতাশার সাগরে পড়ে যায়।
এরপর পৃথিবীর বয়স বেড়েছে অনেক, পৃথিবী হুট করেই অনেক আধুনিক আর যৌবনবতী হয়ে গেছে। এসএমএস নামক খুদে বার্তা তারপর ভয়েস আর ভিডিও মেসেজ চিঠির জায়গা দখল করেছে অনেক আগে। এখন আবেগ আর কথা জমে থাকে না।
খালামণি হয়তো ভুলেই গেছেন একসময় তাঁর লেখা মানুষের হতাশা বয়ে বেড়াত। ছোট কাকা মানিয়ে নিয়ে সংসারী, বাবার সঙ্গে প্রায় ভিডিও কলে কথা হয়। মন্তু পিয়ন দুনিয়া ছেড়েছেন বছর পাঁচেক আগে।
কিন্তু চিঠি আমায় ছাড়েনি! মৃণালিনীর হাত ধরে আবার ফিরেছে গত শ্রাবণে। এই প্রযুক্তির দুনিয়াকে অস্বীকার করে মৃণালিনী আমায় লিখতে বলেছিল শুধু একটা চিঠি। যেখানে সাক্ষী হয়ে থাকবে কাগজ, কলম আর দুজোড়া হাতের স্পর্শ।
চিঠি-সংক্রান্ত আমার যাবতীয় হতাশা ও ক্ষোভ নিমেষেই বেনামি ঠিকানায় উড়ে গেল। আমি সব হতাশা, দুঃখ, না-পাওয়া, অভাব সবকিছুকে উড়িয়ে দিয়ে একটা স্বপ্ন আঁকতে চেয়েছি। চিঠির স্বপ্ন। এক পৃথিবীর সমান বয়সী একটা জীবন্ত স্বপ্ন, একটা জীবন্ত চিঠি। যে চিঠি মৃণালিনীকে আবর্তন করে রাখবে। তার প্রতিটা মুহূর্তের অনুভূতি ছুঁতে পারবে। তার মন খারাপের বিকেলে চিঠির ক্যানভাসে কখনো জীবনানন্দ ভেসে উঠবে, কখনো বা নজরুল। যে চিঠির প্রতিটা বর্ণে থাকবে মৃণালিনীর সংশয়, নৈরাশ্যবাদ, জড়তা আর হতাশা পরিত্রাণের কথা। একটু আলো চাইলেই যে চিঠি মেঘের বুক চিরে নিয়ে আসবে উজ্জ্বলতম সূর্যের মুখ।
পৃথিবীর সমান বয়সী চিঠি লিখব মৃণালিনী। যে চিঠি কেবল জীবন্ত স্বপ্ন নয়, খোদ আমাকেই বহন করে নিয়ে যাবে তোমার বিশ্বাসে, অনুভূতিতে, প্রেমে, কামনায়, হতাশায়, বিষণ্নতায় আর ভালোবাসায়।
নাজমুল হোসেন
ওয়ারী, ঢাকা