চিঠি আসে না, সুনসান ডাকঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-মেইল কিংবা মুঠোফোনের খুদে বার্তার কারণে কমে গেছে চিঠি লেখা। তাই ভিড় নেই সারা দেশের ডাকঘরগুলোতে। তবে ব্যতিক্রম ছিল খাগড়াছড়ির দীঘিনালার ডাকঘর। বছরখানেক আগেও দিনভর গ্রাহকেরা আসতেন। কিন্তু এখন সুনসান। কমে গেছে ডাকটিকিট ও খাম বিক্রি এবং মানিঅর্ডার করা।
দীঘিনালায় একটি ডাকঘর ও দুটি উপডাকঘরের কর্মকর্তা–কর্মচারীদের এখন তেমন কাজ নেই। টানা হরতাল ও অবরোধের কারণে ডাক যায় কেবল সপ্তাহে একবার। গত ২২ ফেব্রয়ারি বেলা সাড়ে ১১টায় উপজেলা ডাকঘর কার্যালয়ে গিয়ে কোনো গ্রাহকের দেখা মেলেনি। ডাকঘরের পোস্টমাস্টারসহ তিনজন কর্মচারীকে অলস বসে থাকতে দেখা গেছে। ডাকঘরের খাম ও ডাকটিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুইপা মারমা বলেন, ‘ডাকঘরে চাকরি করছি ১০ বছর ধরে। বছরখানেক আগেও প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার ডাকটিকিট বিক্রি হতো। খাম বিক্রি হতো ৫০০টির বেশি। আর এখন প্রতিদিন ডাকটিকিট বিক্রি হয় ১০০ থেকে ২০০টি, খাম বিক্রি হয় চার–পাঁচটি। আর মানিঅর্ডার কার্যক্রমও একেবারে বন্ধ বললেই চলে।’
এদিকে হরতাল–অবরোধের কারণে সপ্তাহে মাত্র এক দিনে ডাক যাওয়ায় বিপাকে পড়েছেন ডাকঘরের ওপর নির্ভরশীল গ্রাহকেরা। পরিবার পরিকল্পনা অধিপ্তরের কবাখালী ইউনিয়ন পরিদর্শক মো. আবদুর রহমান বলেন, ‘আমি কয়েক দিন আগে জরুরি একটি চিঠি পাঠানোর জন্য ডাকঘরে গেলে কর্মকর্তা–কর্মচারীরা জানান, সপ্তাহের প্রতি শনিবার কেবল চিঠি বিলি হয়। পরে আমি বাধ্য হয়ে চিঠিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছি।’
উপজেলা পোস্টমাস্টার শহীদুল্লাহ মজুমদার বলেন, হরতাল–অবরোধের কারণে সপ্তাহে মাত্র এক দিন ডাক যায়। মানিঅর্ডার কার্যক্রম বন্ধ বললেই চলে। খাম ও ডাকটিকিট বিক্রিও তেমন নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কারণে মানুষ আর এখন ডাকঘরে আসে না। দুটি উপ–ডাকঘরেরও একই অবস্থা।