চিঠি পাওয়ার পর
আবদুল একটা রহস্যময় হাসি হেসে যথারীতি একটা বাদামি খাম এগিয়ে দিয়ে বলল, ‘স্যার, আপনার চিঠি।’ এটি নিয়ে গত ২২ দিনে সাতটি চিঠি পেয়েছি। বুঝতে পারছি না কে এই সীমা, কেনই বা আমাকে চিঠি লিখছে। খামটা খুলতেই সেই মিষ্টি ঘ্রাণটা পেলাম, যা গত ছয়টি চিঠিতে পেয়েছি। অক্ষরগুলো বাঁ দিকে ঈষৎ বাঁকা করে ইতালীয় স্টাইলে লেখা। ‘আমি হয়তো আপনাকে একটা রহস্যের মধ্যে ফেলে দিয়েছি। কিন্তু এই রহস্যের উন্মোচন খুব সহজেই হতে পারে। আপনি কি আমার সঙ্গে দেখা করতে চান? আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে।—সীমা।’ কী একটা অদ্ভুত ঝামেলায় পড়লাম। অফিসে আমাকে নিয়ে একটা চাপা হাসাহাসি, গোপন কানাকানি চলছে। কলিগরা নতুন রোমান্সের গন্ধ পেয়ে আমার দিকে নাক বাড়িয়ে দিয়েছে। পাশ দিয়ে যাওয়ার সময় করিম সাহেব বলে গেলেন, ‘চালিয়ে যান, মিস্টার অবনী। পুরুষ মানুষ তো, ভয় কী?’ এসব কথা কাটা ঘায়ে নুনের ছিটার মতো জ্বালা ধরালেও ভদ্রতার খাতিরে বিনিময়ে একটা শুষ্ক হাসি উপহার দিতে হচ্ছে।সব চিঠিতেই আমার প্রতি মেয়েটির দুর্বলতার প্রকাশ স্পষ্ট। যদিও মেয়েটা জানে আমি বিবাহিত। ভাগ্যিস, চিঠিগুলো অফিসের ঠিকানায় আসছে। সহকর্মীদের হাসি-তামাশায় একটু খারাপ লাগছে বটে, কিন্তু আমার স্ত্রীরত্নটির হাতে এই চিঠিগুলো পড়লে ও আমাকে খুনই করত (আপনারা আবার ভাববেন না যে, আমি আমার স্ত্রীকে খুব ভয় পাই!)। মাস দেড়েক আগে কথা প্রসঙ্গে মিতা (আমার স্ত্রী) বলেছিল, ‘সব পুরুষই এক। মেয়েদের নরম স্বরের আহ্বানে তারা সাড়া না দিয়ে পারে না।’ আমি জোর গলায় বলেছিলাম, ‘তুমি কটা পুরুষকে চেনো? সবাইকে এক নিক্তিতে ওজন কোরো না।’ মিতা শান্ত গলায় বলল, ‘যাদেরকে দেখেছি তাদের দেখে দেখেই ধারণাটা হয়েছে। সবাই ও রকম না হলেই ভালো।’ সীমার ৮ নম্বর চিঠি পেলাম। ও লিখছে, ‘রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ইয়ান থাই রেস্টুরেন্টে আকাশি নীল শাড়ি পরে থাকব। অবশ্যই আসবেন।’ চিঠির ভাষা এমন যেন মেয়েটি আমার বহুদিনের পরিচিত। কিন্তু আমি স্মৃতির অতলে ডুব দিয়েও সীমা নামের কাউকে উদ্ধার করতে পারলাম না। তবে কি সীমা নামে বীথি লিখছে? ছাত্রজীবনের শেষ কয়েক দিন ওর সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল। আমি আর একটু এগোলে বন্ধুত্বটা প্রণয়ে রূপ নিতে পারত। নাকি তমা? বিশ্ববিদ্যালয়ের সেই সুন্দরী মেয়েটি। তমা আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল। এমন তো হতে পারে এত দিন পর অনুশোচনা থেকে...। এই তালিকা থেকে মিলিকেই বা বাদ দিচ্ছি কেন? অফিসের রিসিপশনে যে মেয়েটি বসে। আসা-যাওয়ার পথে কেমন ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে! কিন্তু সে যে-ই হোক, এই মোবাইলের যুগে আমাকে চিঠি লিখবে কেন? আর আমার সুখের সংসারে কেনই বা হুল ফোটানোর চেষ্টা? যদিও মেয়েলি হাতের মেয়েলি আবেগে লেখা চিঠিগুলো পেতে বা পড়তে মন্দ লাগছে না!প্রতি মাসে বেতন পেয়ে মিতাকে নিয়ে ইয়ান থাই রেস্টুরেন্টে আসি। আজ বেতন তুলেছি। ইয়ান থাইতে যাচ্ছি অন্য একটা মেয়ের সঙ্গে দেখা করতে। একটু অপরাধবোধে ভুগছি। বিষয়টি নিয়ে মিতার সঙ্গে আলোচনা করলেও পারতাম। কিন্তু মিতা এই সহজ বিষয়টিকে কি এত সহজভাবে নিত? যা-ই হোক, সীমার চিঠি-বিষয়টির আজই সমাধান হওয়া চাই। আমি মিতাকে নিয়ে যে টেবিলে বসি সেই টেবিলে নীল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। যদিও এদিক থেকে আমি তার মুখ দেখতে পাচ্ছি না। কাছে গিয়ে বললাম, ‘এক্সকিউজ মি! আপনি কি সীমা?’ মেয়েটা আলতো করে মুখটা ঘোরাতেই আমি চমকে উঠলাম, যেন ভূত দেখলাম! নিজের স্ত্রীকে দেখে মানুষ এত ভয় পায়! অরবিন্দ মণ্ডলডুমাইন, মধুখালী, ফরিদপুর।